সিলেট ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৪
প্রভাতবেলা ডেস্ক: পাহাড়ে তামাক চাষ ছেড়ে সবজি চাষে প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করতে কয়েক বছর ধরে চেষ্টা করছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা গোমতি ইউপি চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন।
সভা সেমিনার ও মৌখিকভাবে তেমন সফলতা না পেয়ে চলতি বছরে নিজেই আলু ও আলু ক্ষেতে ভুট্টা চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন মো. তফাজ্জল হোসেন। পেয়েছেন সফলতা। পাহাড়ের কোল ঘেষে বয়ে চলেছে গোমতি খাল। দুই পাশে চোখ জুড়ানো সোনা ফলা ফসলের মাঠ। খালে ১২ মাস পানি থাকায় যে কোনো ফসল ফলে এই এলাকায়। এক সময় ধান কাটার পর সব ধরনের মৌসুমী সবজি চাষ হতো গোমতি এলাকায়। এসব সবজি এলাকার চাহিদা মিটিয়ে জেলার বাইরে বিক্রি করা হতো। এতে করে সমৃদ্ধশালী গ্রামীণ অর্থনীতি আর চাঁদের হাসি ছিল কৃষকের মুখে। কিন্তু কয়েক দশক ধরে সর্বনাশা বিষ পাতা তামাকের দখলে গোমতিখাল বিধোত উর্বর গোমতির ফসলি জমি।
তামাক কোম্পানিগুলো সহজ সরল প্রান্তিক কৃষকদের লোভনীর প্ররোচনা দিয়ে বিষপাতা তামাক চাষে আকৃষ্ট করে তোলে। ফলে ফসলি জমি সবজি ক্ষেত দখল করে নেয় বিষাক্ত তামাক। এতে করে এলাকায় সবজি উৎপাদন ব্যাহত হয়। সৃষ্টি হয় চাহিদানুযায়ী সবজি সংকট। স্থানীয় চাহিদা মিটাতে বিভিন্ন এলাকা থেকে আনতে হয় ফরমালিন যুক্ত সবজি। যা স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। অপর দিকে তামাক পাতা চাষে কৃষি জমি উর্বরতা হারাচ্ছে। এলাকা পরিবেশ দূষিত হচ্ছে। ক্যান্সার আক্রান্তের ঝুঁকি ও সংখ্যা বাড়ছে। তামাক মুক্ত কৃষি সমৃদ্ধ গোমতি গড়তে এবং কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য পরীক্ষামূলক আলু ক্ষেতে ভুট্টা চাষের পাশাপাশি সবজি চাষ শুরু করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তফাজ্জল হোসেন।
সরেজমিন দেখা যায়, ৩০ শতক জমিতে হাইব্রিড ললিতা আলুর চাষ করেন। এক মাস পর একই সঙ্গে ভুট্টার গাছ লাগিয়ে ভালো ফসলে আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকায়। তিন ফুট দূরত্বে আলুর দুই সারি মধ্যখানে সবুজের মাঝে আরেক সবুজের কচি হাতছানি দৃষ্টি কাড়ে যে কারো। এছাড়াও ১০ শতক জমিতে হাইব্রিড সরিষা, ২ শতক টমেটোর পাশাপাশি মিষ্টি কুমড়া, শিম, চিনাবাদাম, বেগুন রোপণ করে ভালো ফলন হয়েছে। এমন চাষে অতিরিক্ত জমি ও সারের যেমন প্রয়োজন হয় না তেমনি, শ্রম ও শ্রমিক কম লাগে এবং বেশি ফলনে লাভবান হয় কৃষক।
গোমতী এলাকার স্থানীয় কৃষক শাহজাহান বলেন, এ বছর তামাক চাষ না করে সবজি চাষ করেছি। ফলন ভালো হয়েছে। আগামিতে আরো বেশি করে সবজি চাষ করা হবে।
গোমতি ইউপি চেয়ারম্যান তফাজ্জল হোসেন বলেন, ফসলি জমিতে বিগত বছরগুলোতে তামাক চাষ করে আসছে কৃষকরা। বিষ পাতা তামাক চাষের ক্ষতি এড়াতে ও চাষকে নিরুৎসাহিত করতে পরীক্ষামূলকভাবে আলু ক্ষেতে ভুট্টা চাষ করা হয়েছে। এতে আলাদা জমির যেমন প্রয়োজন হয় না, তেমনি সার ওষুধ ও শ্রমিক কম লাগে। ফসলও অনেক ভালো হয়েছে। এতে শুধু আলু চাষে খরচ হয়েছে ২১ হাজার টাকা। বর্তমান বাজার দরে ৬০ হাজার টাকার বিক্রি করা যাবে।
পাহাড়ের মাটি ও জলবায়ু সমতলের চেয়ে একটু পার্থক্য থাকলেও গোমতির এলাকার মাটি ও জলবায়ু আলু ও ভুট্টাসহ মৌসুমী সবজি চাষের জন্য উপযোগী। তাই এই ফসল চাষে সাফল্যের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী।
তিনি বলেন, কৃষি খাতে প্রণোদনা, সার, বীজ পারিবারিক পুষ্টিবাগানসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে সরকার। উপজেলায় কৃষিক্ষেত্রে যে কোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি