সিলেট ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫
বিশ্বভুবন ডেস্ক: ফিলিপাইনে ভুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার অপচয়ের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন সাধারণ মানুষ। দুর্নীতির অভিযোগে রাজধানী ম্যানিলায় হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়।
রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ফিলিপাইনের পতাকা ও বিভিন্ন সংবলিত ব্যানার নিয়ে বিক্ষোভ করছেন প্রতিবাদকারীরা। এসব ব্যানারের কোনো কোনোটিতে লেখা ‘আর নয়, যথেষ্ট হয়েছে বাড়াবাড়ি, এবার ওদের কারাগারে পাঠাও’।
বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে কোটি ডলারের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ছে। অভিযোগ রয়েছে, কাগজে-কলমে থাকা তথাকথিত বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পগুলো বাস্তবে কখনোই নির্মিত হয়নি। স্থানীয়ভাবে এগুলোকে বলা হচ্ছে ‘ঘোস্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট’।
গত জুলাইয়ে, বার্ষিক ভাষণে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের ‘ভৌতিক অবকাঠামো কেলেঙ্কারি’র কথা প্রথম তুলে ধরেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। তিনি জানান, প্রায় ৯ হাজার ৮৫৫টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে অনিয়ম পাওয়া গেছে, যেগুলোর মোট মূল্য ৫৪৫ বিলিয়ন পেসো (৯ দশমিক ৫ বিলিয়ন ডলার)। তখন থেকেই এ নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছিল। বন্যা নিয়ন্ত্রণে অবকাঠামো নির্মাণের নামে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যায় করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
এক বিবৃতিতে মারকোস বলেন, জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, এতে তিনি কোনো আপত্তি দেখছেন না। তবে তিনি শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীকে ‘রেড অ্যালার্টে’ রাখা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভুয়া প্রকল্পে বিপুল অর্থ লোপাটের অভিযোগ ফিলিপাইনের রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। দুর্নীতির বিরুদ্ধে জনরোষ দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি