সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মে ২০, ২০২৫
প্রভাতবেলা প্রতিবেদক: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় তিন পুলিশ সদস্যসহ সাক্ষ্য দিয়েছেন সাতজন। আজ মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে এই সাক্ষ্য দেন তাঁরা।
এ ছাড়া এদিন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্যগ্রহণ থাকলেও কোনো সাক্ষী আদালতে উপস্থিত ছিলেন না। যে কারণে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আদালত মামলা দুটির সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন আগামী ২৭ মে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবুল হোসেন। তিনি বলেন, কিবরিয়া হত্যা মামলায় আজ তিনজন পুলিশ সদস্যসহ সাতজন সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়া এদিন সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় কোনো সাক্ষী না আসায় আদালতের কাছে সময় চাওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, মামলার জামিনে থাকা আসামিদের মধ্যে অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আর জামিনে থাকা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ ও কারাগারে থাকা অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে এক জনসভা শেষে বের হওয়ার সময় গ্রেনেড হামলায় আহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ওই হামলায় তাঁর ভাতিজা শাহ মঞ্জুরুল হুদাসহ আরও চারজন নিহত হন এবং অন্তত ৭০ জন আহত হন। এই মামলায় ১৭৩ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৮০ জন সাক্ষ্য দিয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি