সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
২০২৪ সালের ৫ আগস্ট সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে সরকার। এরপর সিলেটের বিভাগীয় কমিশনারকে প্রশাসক নিয়োগ করা হয়।
কাইয়ুম চৌধুরী গত সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। পরে সিলেটের ৬টি আসনে বিএনপির নির্বাচনি সমন্বয়কের দায়িত্ব পান তিনি।
রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম আর মো. শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শওকত হোসেন সরকার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদের করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। আরও উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, কাইয়ুম চৌধুরী সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ২৯ মার্চ ভোটের মাধ্যমে তিনি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি