ফেনীতে তিনদিন ব্যাপী বিয়ে উৎসব শুরু

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

ফেনীতে তিনদিন ব্যাপী বিয়ে উৎসব শুরু

প্রভাতবেলা ডেস্ক:

ফেনীতে তিনদিন ব্যাপী বিয়ে উৎসব শুরু হয়েছে। রবিবার (০৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ২য় এ ‘ফেনী বিয়ে উৎসব’। আপন ইভেন্টসের আয়োজনে এ উৎসবকে ঘিরে জেলায় বইছে উৎসবের আমেজ। ব্যতিক্রমী এ উৎসবকে ঘিরে মাইকিং, লিফলেট, সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণায় নারী পুরুষ সকলের মাঝে অধিক আগ্রহ লক্ষ্য করা গেছে।

উৎসব উপলক্ষে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন প্রাঙ্গণে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। যেখানে উদ্বোধন ছাড়াও সমাপনী, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা অনুষ্ঠানমালা প্রদর্শিত হবে। মাঠে রয়েছে খাবারের স্টল এবং গল্প-আড্ডার জায়গা। হলের ভিতরে বিভিন্ন স্টল। এসব স্টল থেকে দর্শনার্থীরা নিজেদের ইচ্ছামত কেনাকাটা করছে। বিয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রী বুকিং এর ব্যবস্থা রয়েছে।

‘বিয়ের বাজার একসাথে, প্রাণের শহর ফেনীতে’ এই স্লোগানকে ধারণ করে আগামী ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত তিনদিন ব্যাপী এ উৎসব চলবে। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আপন ইভেন্টস এর আয়োজনে ও ক্যারিয়ার প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘দেখা হবে বিজয়ে’ এর সহযোগিতায় ২য় বারের মত এই উৎসব শুরু হয়েছে। এর আগে ২০১৭ সালে শহীদ জহির রায়হান হল মাঠে এটি প্রথম অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

এন্ট্রি কার্ড সংগ্রহের পয়েন্টগুলো ঘুরে দেখা যায় সব বয়সী মানুষ উৎসবে অংশগ্রহণ করার জন্য এন্ট্রি কার্ড সংগ্রহ করছেন। তবে এক্ষেত্রে নারীরা অনেক এগিয়ে আছে। একটি এন্ট্রি কার্ড দিয়ে ৩দিন প্রবেশ করা যাবে। কার্ডের শুভেচ্ছা মূল্য ৩০টাকা। উৎসবস্থল থেকেও এন্ট্রি কার্ড সংগ্রহ করা যাবে। এতে বিভিন্ন শ্রেণী পেশার ১০ হাজার মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

উৎসবে ৪০টি স্টল অংশগ্রহণ করেছে। এছাড়া ফেনীর ঢোল, ফেনীয়ান ব্যান্ড পরিবশেনা, ব্রাইডাল র‌্যাম্প শো, কাপল শো, কাছে আসার গল্প, নৃত্য, কৌতুক, নাটিকা, গান পরিবেশনা, ফটো কনটেস্টসহ নানা চমকপ্রদ ইভেন্ট থাকবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হয়ে এ উৎসব চলবে রাত ৯টা পর্যন্ত।

বিয়ে উৎসবে আসা এক দর্শনার্থী জানান, অনেকদিন কোন মেলা, উৎসবে যাওয়া হয়না তাই বিয়ে উৎসবে পরিবারের সবাইকে নিয়ে আসবে। সবার জন্য এন্ট্রি কার্ড সংগ্রহ করেছি। আশা করছি খুব সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করতে পারবো।

আরও পড়ুন  ছাতকে মিটার চুরির ঘটনা ধামাচাপা দিতে তৎপর নির্বাহী প্রকৌশলী

আপন ইভেন্টসের পরিচালক শরিফুল ইসলাম অপু জানান, মূলত বিয়ে সংক্রান্ত জিনিসপত্র, কমিউনিটি সেন্টার, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফুল, শেরোয়ানি, ক্যাটারিং, হোম মেইড ফুড, রেস্টুরেন্ট, পার্লার, জুয়েলারি, কাপড়, কসমেটিক্স, সাজসজ্জা, ফটো-ভিডিও, আসবাবপত্র, ডেকোরেশনসহ ঘরে বসে তৈরি করা ও সংগৃহীত সৌখিন জিনিসপত্রের প্রদর্শনী হচ্ছে এই আয়োজনে। এছাড়াও থাকছে অনলাইন উদ্যোক্তাদের বিভিন্ন স্টল। ফেনীতে বিয়ের বাজারের ক্রেতাদের আগ্রহী করতেই এই আয়োজন। এটি কেবল আপনের বিয়ে উৎসব নয় ফেনীবাসীর উৎসব হবে।

গ্র্যান্ড সুলতান কনভেনশন হলের কর্ণধার কেবিএম জাহাঙ্গীর আলম জানান, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। বিয়ে উৎসব নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। উৎসব উপলক্ষে বাকী ২দিন বিপুল লোকসমাগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ