কমলগঞ্জে বখাটের উৎপাতে কিশোরীর আত্মহত্যা

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, মে ১২, ২০২০

কমলগঞ্জে বখাটের উৎপাতে কিশোরীর আত্মহত্যা

 

প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের কিশোরী সঞ্চিতা শব্দকর (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

সঞ্চিতা শব্দকর শ্রীনাথপুর শব্দকর পাড়ার ব্রজেন্দ্র শব্দকরের মেয়ে। তার পরিবারের অভিযোগ প্রতিবেশী এক বখাটে যুবকের উৎপাতে অতিষ্ট হয়ে সে ওড়না পেচিয়ে ঘরের চালার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনাটি মঙ্গলবার সকাল ৭টায় আলীনগর ইউনিয়নের শব্দকর পাড়ায়।

 

শব্দকর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর বলেন, প্রতিবেশী ইন্তাজ মিয়ার বখাটে ছেলে মধু মিয়া (২৫) দীর্ঘদিন ধরে শব্দকর কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করছিল। সে এই কিশোরীকে জোর করে ধরে নিয়ে বিয়ে করারও হুমকি দিয়েছিল। আজ ভোর ৬টায় কিশোরী ঘর থেকে বের হয়ে পূজার জন্য ফুল কুড়িয়ে আনে। সকাল ৭টার দিকে প্রতিবেশী সজল শব্দকরের বাড়ির খড়ের গাদায় রহস্যজনক আগুন লাগলে সবাই আগুন নেভাতে যান। এই ফাঁকে কিশোরী ওড়না গলায় পেচিয়ে ঘরের উপরের চালার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। ঘটনার পরই কমলগঞ্জ থানা ও আলীনগর ইউনিয়নের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন  মহসিন আলীর মৃত্যুবার্ষিকী বুধবার

 

নিহত কিশোরীর বাবা ব্রজেন্দ্র শব্দকর অভিযোগ করে বলেন, ইন্তাজ মিয়ার বখাটে ছেলের উৎপাত চরম আকার ধারণ করেছিল। আর এ উৎপাতের কারণেই আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি সুবিচার চাই।

 

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, ইন্তাজ মিয়ার ছেলে মধু মিয়া আসলেই একটি বখাটে। এখন পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান শব্দকর কিশোরীর আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ