সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী

প্রকাশিত: 4:39 PM, April 20, 2024

সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী
প্রভাতবেলা ডেস্ক: বর্তমান সরকারকে ‘অবৈধ সরকার’ আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই অবৈধ সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। যেকোনো সময় এই সরকারের গদি বালির মধ্যে ডুবিয়ে যাবে। সেই কারণে সরকার হাবিবুন নবী খান সোহেল, সাইফুল আলম নীরব, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব দেরকে আটক করে রেখেছে। ভয় থেকে এই আটক করে রেখেছে।’

শনিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, ‘ওরা প্রকাশ্যে কোনো কাজ করতে পারে না, তলে তলে কাজ করে। দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটা। ইজরাইলের বিমান কি করে আসলো বাংলাদেশের এয়ারপোর্টে? মানুষ বলে লোকে বলে শেখ হাসিনার জন্য এক বস্তা ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছে। কি গোপন সম্পর্ক কি তলে তলে সম্পর্ক প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চাই।’

আরও পড়ুন  বিভেদ নয়, ঐক্য হোক আমাদের সবার শ্লোগান - ডা.শফিক

রাজনৈতিক কারণে বিএনপির নেতাকর্মীরা কারাগারে বন্দী— প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘এক এগারোর সময়ে আপনার বিরুদ্ধেও তো মামলা হয়েছিল, সেই মামলাগুলো গেল কোথায়? যারা স্বৈরাচারী, যারা একনায়ক তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে কারাগারে ভরে রাখে।’

‘ব্যাংক লুট হচ্ছে, ঘরবাড়ি লুট; হচ্ছে তাদেরকে আপনি ধরতে পারেন না। যার প্রত্যেকটির সাথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত এদেরকে আপনি ধরতে পারেন না। এরা কি ফেরেশতা? আর আপনি গ্রেপ্তার করেন আব্দুল কাদের ভুইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব দেরকে। হায় কি বিচিত্র এই দেশ! হায় সেলুকাস কি অদ্ভুত শেখ হাসিনার রাজত্ব,’ যোগ করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এই প্রচন্ড রোদের মধ্যে আপনাদের যে আত্মপত্যয় দেখেছি আমি বিশ্বাস করি, শেখ হাসিনার পতন হবেই শেখ হাসিনা টিকবে না। পৃথিবীতে ভালোর জয় হয় মন্দের পরাজয় হয়। সুতরাং শেখ হাসিনার পতন অনিবার্য।’

আরও পড়ুন  ২৮ অক্টোবর ঘিরে দেশজুড়ে উদ্বেগ উৎকণ্ঠা

প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব কাজী আবুল বাশার, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত,ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ।

সর্বশেষ সংবাদ