বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।
ডা. মঈন উদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকবলেন, ‘প্রধানমন্ত্রী এ চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ডা. মঈনের পরিবারের সকল দায়-দায়িত্ব সরকার নেবে।’
তিনি আরও বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে আমরা ওই চিকিৎসকের সুচিকিৎসার ব্যবস্থা নিয়েছি। মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে ছুটে যাই আমি। ডা. মঈন উদ্দীনের স্ত্রীও একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক।’
গত ৫ এপ্রিল ডাক্তার মঈনের করোনা পজেটিভ আসে। তখন থেকেই ওই চিকিৎসকের পরিবারসহ সিলেট নগরীর হাউজিং এস্ট্রেট এলাকা লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তীতে তার অবস্থায় অবনতি ঘটলে গত ৭ এপ্রিল তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে তার মৃত্যু হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২১৯ এবং মারা গেছেন ৪ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩১ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ৫০ জনের। সুস্থ হয়ে উঠেছে ৪৯ জন।
