সিলেটে বিএনপি নেতার বাড়ীতে অগ্নিকাণ্ড, ১১ কক্ষ  পুড়ে ছাই

প্রকাশিত: 8:50 PM, November 25, 2026

সিলেটে বিএনপি নেতার বাড়ীতে অগ্নিকাণ্ড, ১১ কক্ষ  পুড়ে ছাই

সিলেটের গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়ীতে  ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১টি কক্ষ  পুড়ে ছাই

আব্দুল আবিদ, গোলাপগঞ্জ ♦ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মাঝপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ কক্ষবিশিষ্ট একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ও একটি মোটরসাইকেলসহ আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক কামরুজ্জামান দারা।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কামরুজ্জামান দারার ভাষ্য অনুযায়ী, ঘরের ঝুলন্ত ফ্যানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো বসতঘর আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়।

কামরুজ্জামান দারা লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে তাঁর দীর্ঘদিনের সাজানো সংসার ও বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের মালামাল ও মোটরসাইকেলসহ সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে: হাইকোর্ট

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনসহ আশপাশের এলাকার হাজারো মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে সেখানে উপস্থিত হন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

হঠাৎ ভয়াবহ এ অগ্নিকাণ্ডে একটি পরিবারের দীর্ঘদিনের সাজানো সংসার পুড়ে ছাই হয়ে যাওয়ায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি এ বিপর্যয় কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ