সিলেট | |
প্রকাশিত: 6:21 PM, November 28, 2026
ডেস্ক রিপোর্ট: জাপানের একদল গবেষক সম্প্রতি প্রাণীর কোষ ও এককোষী লাল শৈবালের জিনগত উপাদান একত্রিত করে এক অদ্ভুত সংকর কোষ তৈরি করেছেন। উদ্ভিদ ও প্রাণীর ইংরেজি নাম থেকে এই নতুন কোষের নামকরণ করা হয়েছে প্ল্যানিমাল। গবেষকদের মতে, এটি নতুন কোনো জীব নয়, বরং পরীক্ষাগারে তৈরি এমন একটি কোষ যেখানে প্রাণীর জিনোমের পাশাপাশি শৈবালের প্রায় পুরো ডিএনএ সফলভাবে স্থান পেয়েছে এবং নিয়মিত বিভাজিত হচ্ছে।
টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাচিহিরো মাতসুনাগার নেতৃত্বে পরিচালিত এই গবেষণার বিস্তারিত সম্প্রতি নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণায় বিজ্ঞানীরা এককোষী লাল শৈবাল এবং হ্যামস্টার থেকে সংগৃহীত স্তন্যপায়ী কোষ একসঙ্গে মিশিয়ে দেন। পলিইথিলিন গ্লাইকল নামের একটি রাসায়নিকের সহায়তায় কোষ দুটির বাইরের আবরণ একীভূত করা হয়, যার ফলে শৈবালের জিনগত উপাদান সহজেই প্রাণীর কোষের ভেতরে প্রবেশ করতে পারে।
পরীক্ষায় দেখা গেছে, শৈবালের ডিএনএ কেবল প্রাণীর কোষের ভেতরে প্রবেশই করেনি, বরং কোষ বিভাজনের মাধ্যমে তা পরবর্তী প্রজন্মেও ছড়িয়ে পড়েছে। এভাবে হ্যামস্টার কোষের বংশধররা প্রায় ১৫৫ প্রজন্ম পর্যন্ত বিভাজিত হয়েছে এবং শৈবালের ডিএনএর বড় একটি অংশ দীর্ঘ সময় ধরে কোষে টিকে রয়েছে। বিশেষ এপিজেনেটিক প্রক্রিয়ার মাধ্যমে শৈবালের জিনগুলো নিষ্ক্রিয় থাকায় প্রাণীর কোষ সেগুলোকে ধ্বংস করতে পারেনি, যা জিন স্থানান্তরের ক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচন করেছে।
বিজ্ঞানীদের এই সাফল্যের ফলে ভবিষ্যতে প্রাণীর কোষে উদ্ভিদের সালোকসংশ্লেষণের ক্ষমতা যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে গবেষকরা স্পষ্ট করেছেন যে প্ল্যানিমাল কোষ এখনই সূর্যের আলো থেকে খাবার তৈরি করতে পারে না। তা সত্ত্বেও খাদ্য উৎপাদন, প্রতিকূল পরিবেশে টিকে থাকা এবং মহাকাশ গবেষণার মতো ক্ষেত্রগুলোতে এই আবিষ্কার ভবিষ্যতে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি