ছাতকে পাওনা টাকার বিরোধে টেটার আঘাতে এক মহিলা নিহত

প্রকাশিত: 12:57 AM, November 27, 2026

ছাতকে পাওনা টাকার বিরোধে টেটার আঘাতে এক মহিলা নিহত

জুনাইদ আহমদ, ছাতক♦ সুনামগঞ্জের ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার টেটার আঘাতে হানিফা বেগম (৫০) নামে এক মহিলা নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরমহল্লা ইউনিয়নের চর দুর্লভ গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হানিফা বেগম ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, একই গ্রামের আবদুল হান্নানের সঙ্গে লাল মিয়ার পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ বিরোধকে কেন্দ্র করে আবদুল হান্নানের ছেলে জামাল উদ্দিন (৪০) তার বাবার পক্ষ নিয়ে চাচা লাল মিয়ার ওপর হামলা চালান। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসেন হানিফা বেগম। তখন ক্ষিপ্ত হয়ে জামাল উদ্দিন মাছ ধরার টেটা দিয়ে চাচি হানিফা বেগমকে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছার পর বিকেল পৌনে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  সিলেটের যেসব এলাকায় চারদিন বিদ্যুৎ থাকবে না

এদিকে, টেটার আঘাতে হানিফা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও উত্তেজনা দেখা দেয়। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্তসহ পুলিশের একটি দল। এ সময় তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ