সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
অনলাইনের মাধ্যমে নয়, বরং আগের মতোই সরাসরি ভর্তি পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে ২০০ নম্বরের পরিবর্তে এবার ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে, যেখানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল থেকে ২০ এবং লিখিত ও বহুনির্বাচনী পরীক্ষায় ৮০ নম্বর থাকবে বলে জানিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপিকা ড. সাদেকা হালিম।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ভর্তি পরীক্ষা নিয়ে পূর্ব নির্ধারিত ডিনস মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হয়। এসময় অধ্যাপিকা ড. সাদেকা হালিম বলেন, প্রত্যেকটি অনুষদের ডিনরা অনলাইন মাধ্যমে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে মতামত দিয়েছেন। পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে দেশের বিভাগভিত্তিক পরীক্ষা নেওয়ার কথা জানান তারা। ডিনরা মনে করছেন, এভাবে পরীক্ষা হলে শিক্ষার্থীদের ঢাকা আসার প্রয়োজন নাও হতে পারে।
ডিনস কমিটির মিটিংয়ে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। মিটিংয়ে সব অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন। তারা ভর্তি পরীক্ষা অনলাইনে না নেওয়ার পক্ষে যে মতামত দিয়েছেন সে বিষয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষা নেবো। ডিনস কমিটির মিটিংয়ে সব ডিন এ মতামত দিয়েছেন। ডিসেম্বরের পরে এইচএসসি’র ফলাফল হলে করোনা পরিস্থিতি বিবেচনা করেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে কোনও ডিনই মতামত দেননি। তাই অনলাইনে পরীক্ষা না নিয়ে আমরা বরাবরের মতো ভর্তি পরীক্ষা নেবো। আমরা এসএসসি এবং এইচএসসি’র ফলাফল দেখে কী পরিমাণ নম্বর ধরা হবে, তা আরও মিটিং করে ঠিক করবো।’
তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি ঠিক রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা হয়তোবা বিভাগভিত্তিক হিসেবে পরীক্ষা নেবো। যেমন—যারা খুলনা থেকে আসতে চায়, সে বিভাগেই তাদের পরীক্ষা নেবো। যাতে ঢাকায় আসতে না হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, ‘ভর্তি পরীক্ষা হবে সর্বমোট ১০০ নম্বরে। যা আগে হতো ২০০ নম্বরে। আগে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার নম্বর ধরা হতো ৮০। আর ভর্তি পরীক্ষা নেওয়া হতো ১২০ নম্বরে। এই সর্বমোট ২০০। এখন এসএসসি এবং এইচএসসি পরীক্ষার নম্বরের ওপর থাকবে ২০। ভর্তি পরীক্ষা নেওয়া হবে ৮০ নম্বরের ওপর। এক্ষেত্রে লিখিত থাকবে ৫০, আর বহুনির্বাচনি (এমসিকিউ) থাকবে ৩০। তিনি জানান, পরীক্ষার কেন্দ্রগুলো বিকেন্দ্রীকরণ করাও হতে পারে। বিভাগভিত্তিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলো অধীন কলেজে ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হতে পারে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি