ইসি নিয়ে আ.লীগ-বিএনপির তৎপরতা তুঙ্গে

প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক: নির্বাচন কমিশন গঠন নিয়ে দেশের রাজনীতিতে গরম হাওয়া বইছে। আগামী নির্বাচন কমিশনে কারা থাকবেন এনিয়ে দেশের বৃহৎ দুই রাজনৈতিক দলের মধ্যে চলছে নানা তৎপরতা।
নির্বাচন কমিশন গঠনের জন্য ইতিমধ্যেই রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সার্চ কমিটি কাজ শুরু করে দিয়েছে। সোমবার বিকেলে সার্চ কমিটির সদস্যরা দেশের ১২ জন বিশিষ্ট নাগরিকের সাথে পরামর্শ করবেন।
এদিকে সার্চ কমিটি মঙ্গলবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নির্বাচন কমিশনারসহ অন্যদের জন্য সম্ভব্য পাঁচজন করে নাম চেয়েছে।
বিএনপি কোনো ব্যক্তির নাম প্রস্তাব করবে কিনা বা করলেও কাদেরকে করবে তা ঠিক করতে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের নিয়ে রবিবার রাতে বৈঠক করেও সিন্ধান্তে না আসায় সোমবার আবার বৈঠক করবেন তিনি। এদিকে একই বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে মঙ্গলবার সাড়ে আটটায় জরুরী বৈঠক ডেকেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বনানীতে জাতীয়পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মাদ এরশাদ নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সার্চ কমিটির সদস্যদের ওপর নিজের আস্থার কথা জানিয়ে বলেন, সার্চ কমিটি একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবে। যা আগের মতো হবে না। এবিষয়ে আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতা থাকবে।
২১০৪ সালের ৫ জানুয়ারীর বিতর্কিত নির্বাচন সম্ভব হয়েছিল দুর্বল নির্বাচন কমিশনের জন্যই। তাই সবার লক্ষ্য আগামী নির্বাচন যেনো এমন কোনো দুর্ঘটনা না ঘটে এ নিয়ে দেশের বৃহৎ রাজনৈতিক দলসহ সুশীল সমাজ এখন সরব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ