সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
সংবাদদাতা, নোয়াখালি: সিলেটে বোমার আঘাতে নিহত পুলিশের সিলেট সিটি এসবির ওসি (তদন্ত) মনিরুল ইসলামের (সোহেল) গ্রামের বাড়ি নোয়াখালী সদরের পূর্ব এওজবালিয়ায় শোকের মাতম বিরাজ করছে।
মনিরুল পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তার মৃত্যুতে ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে রবিবার বাদ জোহর নিহত ওসি মনিরুলের জানাজা শেষ হয়েছে সিলেট পুলিশ লাইনে। লাশ নিয়ে গ্রামের বাড়ির পথে রওনা হয়েছে বলে জানা যাচ্ছে।
এর আগে শনিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় জঙ্গিবিরোধী অভিযানস্থলের বাইরে পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় মনিরুল ইসলাম গুরুতর আহত হন। পরে রবিবার রাত ২টার দিকে জেলার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, মৃত নুরুল ইসলামের চার ছেলে ও তিন মেয়ে সন্তানের মধ্যে মনিরুল ছিলেন দ্বিতীয়। তিনি ২০০৩ সালে উপ-পরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। পরে পদোন্নতি পেয়ে পুলিশের পরিদর্শক হিসেবে সিলেটের সিটি এসবি শাখায় বদলি হন। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।
২০১০ সালে বিয়ে করেন তিনি। তাদের সংসারে মোজাক্কেরুল ইসলাম ফরাবি নামের এক বছর ৫ মাসের এক ছেলেসন্তান রয়েছে। স্বামীর মৃত্যুর সংবাদ শুনে হতবাক হয়ে পড়েছেন স্ত্রী পারভিন আক্তার। অন্যদিকে ছেলের মৃত্যুতে বৃদ্ধ মা আমেনা খাতুন মুর্ছা যাচ্ছেন বারবার। মৃত্যুর সংবাদে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের বড় ভাই সোহাগ জানান, শুক্রবার ছোট ভাই সাইফুল ইসলামের বিয়েতে যোগ দিতে গ্রামের বাড়ি আসেন মনিরুল। অনুষ্ঠান শেষে কর্মস্থলে যোগ দিতে শনিবার ভোরেই সিলেট রওয়ানা হন। বিকাল ৩টায় কর্মস্থলে যোগ দেন তিনি।
কর্মরত অবস্থায় যুক্তরাষ্ট্রে বোমা বিস্ফোরক বিষয়ে এক বছরের বিশেষ প্রশিক্ষণ নেন মনিরুল। কর্মস্থলে বেশ প্রশংসিতও হন তিনি। তার মৃত্যুতে পরিবারের সদস্য ও এলাকাবাসী শোকাহত হলেও তারা গর্বিত যে, তাদের সন্তান জঙ্গিদের র্নিমূল করতে গিয়ে শহীদ হয়েছেন।
পরিবারকে সমবেদনা জানাতে নিহতের বাড়িতে অবস্থান করছে সুধারাম মডেল থানা পুলিশের একটি দল।
লাশ পৌঁছলে সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি