কুমিল্লায় আ’লীগ ও ফটিকছড়িতে যুবলীগ কর্মী খুন

প্রকাশিত: 1:47 PM, March 25, 2018

কুমিল্লায় আ’লীগ ও ফটিকছড়িতে যুবলীগ কর্মী খুন

সংবাদদাতা,কুমিল্লা ও চট্রগ্রাম: কুমিল্লার তিতাসে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ মনিরুল ইসলাম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। ২৪ মার্চ  শনিবার রাতে জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের স্কুলের সামনে এ ঘটনা ঘটে। তিনি জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

তিতাস থানার পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের ভুইয়া জানান, ‘রাত সাড়ে ৮টার দিকে ভাটিপাড়া গ্রামের স্কুলের সামনে মনিরের বুকে দুইটি গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ মনিরকে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৮টায় মনিরুল ইসলাম স্থানীয় চায়ের দোকানে চা খেয়ে গল্পগুজব করছেন। হঠাৎ করে ৫-৬ জনের একটি সন্ত্রাসী দল চায়ের দোকানের সামনে এসেই মনিরুল ইসলামকে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। সেখানেই লুটিয়ে পড়েন মনিরুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে গৌরীপুরের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  গভীর রাতে ঢাবি ক্যাম্পাস ৩ ছাত্রী হলের মিছিলে উত্তাল

এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, তিতাস উপজেলা আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকার আর কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা সোহেল শিকদার গ্রুপের মধ্যে দলীয় কোন্দল চলছিল। আর নিহত মনিরুল ইসলাম পারভেজ হোসেন সরকারের অনুসারী ছিলেন।

এদিকে ফটিকছড়ি উপজেলার ভূজপুরে মুহাম্মদ হারুন (৪২) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। ২৪ মার্চ শনিবার দিনগত রাত আড়াইটার দিকে মিরের খিল আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হারুন মিরেরখিল গ্রামের ফকিরহাট এলাকার মৃত মুহাম্মদ হোসেনের সন্তান। তিনি ভূজপুর ইউনিয়ন যুবলীগের সদস্য।

স্থানীয় ভূজপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার বলেন, হারুন ইট ভাটায় মাটি সরবরাহ করত। শনিবার রাত আড়াইটার দিকে মিরের খিল আমতলী থেকে ট্রাক্টরে মাটি তোলার সময় হারুন সেখানে দাঁড়ানো ছিল। তখন একদল সন্ত্রাসী হারুনকে গুলি করে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে রাতে ভূজপুর থানার ওসি(তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যান। পরে রোববার হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন  ৮ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

ভূজপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহাম্মদ ইলিয়াছ বলেন, নিহত হারুন ইউপি যুবলীগের সদস্য। স্ত্রী ও ২ সন্তান রয়েছে। স্থানীয়দের ধারনা মাটির ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এঘটনা ঘটতে পারে।

এব্যাপারে নিহতের ভাই ইউসুফ প্রকাশ ইউনুছ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী।

সর্বশেষ সংবাদ