ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রভাতবেলা ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোববার (০১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সরকারি পরিচালক মো. আশিকুর রহমান নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ দুদুকে অনুসন্ধানাধীন। ডিএনসিসির অধীনস্থ মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দ ও ডিএনসিসির স্বার্থ সংশ্লিষ্ট অন্য নানাবিধ বিষয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন  ঈদের পর এসএসসির ফল

আবেদনে আরও বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ৮ বিধিসহ ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা মতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ এজাজকে বক্তব্য শ্রবণ ও গ্রহণ প্রসঙ্গে নোটিশ দেওয়া হলে তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হননি। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি দুদক এক নোটিশে মোহাম্মদ এজাজকে ২৯ জানুয়ারি দুদক কার্যালয় হাজির হওয়ার নির্দেশ দেয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের জবাব দেওয়ার জন্য তাঁকে ডাকা হয়। কিন্তু ২৯ জানুয়ারি তিনি দুদকে হাজির হননি।

২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। তিনি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান।

সর্বশেষ সংবাদ