সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মে ১৫, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। মঙ্গলবার (১৫মে) সন্ধ্যায় শেখ হাসিনাকে টেলিফোন করে ওআইসির একটি বিশেষ সামিটে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ১৫ মিনিট কথোপকথন হয়।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রেক্ষাপটে বিশেষ সম্মেলন ডেকেছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। এই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, ফোনালাপে শেখ হাসিনাকে ইলদিরিম বলেছেন, আগামী ১৮ মে (শুক্রবার) ফিলিস্তিনের ব্যাপারে ওআইসি একটি বিশেষ সম্মেলন আহ্বান করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি সময়োচিত পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহকে এক হওয়ার আহ্বান জানান।
তিনি ফিলিস্তিনে ইসরায়েলের শক্তিপ্রয়োগের নিন্দা করে বলেন, এটা মানবাধিকার লঙ্ঘন।
তেলআবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর করায় শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত সোমবার (১৪ মে) জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলার প্রতিবাদে ফিলিস্তিনিরা বিক্ষোভে নামলে তাদের দমনে নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ যায় নিরীহ-নিরস্ত্র ৫৮ ফিলিস্তিনি নাগরিকের, যাদের মধ্যে রয়েছে শিশুও।
১৯৪৮ সালের ১৫ মে লাখ লাখ ফিলিস্তিনিকে নিজের ভিটে-মাটি থেকে উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। সেদিনকে স্মরণ করে প্রতিবছর নাকবা (মহাবিষাদ) দিবস পালন করে ফিলিস্তিনিরা। ভিটে-মাটিতে প্রত্যাবর্তনে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছিল ফিলিস্তিনিরা। এরমধ্যে সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী সোমবার ট্রাম্প প্রশাসন তেলআবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে চালু করলে আরও ক্ষুব্ধ হয় ফিলিস্তিনিরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি