প্রশান্তির চিরনিদ্রায় আল্লামা সাঈদী। প্রভাতবেলা প্রতিবেদক ♦
বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই। না ফেরার দেশে চলে গেলেন নন্দিত এই আলেমে দ্বীন।
আজ (১৪ আগস্ট) সোমবার সন্ধ্যা ৮ টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমান সাঈদী। মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় ৮৪ বছর। সাঈদীর জন্ম ১৯৪০ সালের ২ ফেবরুয়ারী। তিনি ৩ পুত্র, ৪ পুত্রবধূ, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রসঙ্গত দেলোয়ার হোসাইন সাঈদীর প্রথম পুত্র রফিকুল ইসলাম সাঈদী তাঁর কারান্তরীণ পিতাকে আদালতে হাজির করার দৃশ্য সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। সাঈদী কারান্তরীণ অবস্থায় তাঁর মাকে হারান।
‘মানবতা বিরোধী অপরাধে ’ আমৃত্যু দন্ডপ্রাপ্ত আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী প্রায় একযুগ ধরে কারান্তরীণ ছিলেন। গতকাল রোববার কাশিমপুর কারাগারে তিনি হার্ট এট্যাক করেন। কাশিমপুর কারা কর্তৃপক্ষ প্রথমে গাজীপুরে শহীদ তাজউদ্দিন হাসপাতালে নিয়ে আসেন। এখানে আল্লামা সাঈদীর অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে আসা হয় রোববার সন্ধ্যায়। তাৎক্ষণিক চিকিৎসকরা জানান, সাঈদীর মাইল্ড হার্ট এট্যাক হয়েছে, তিনি বুকে ব্যথা অনুভব করছেন।
রোববার সন্ধ্যায় কারা নিরাপত্তাবাহিনীর তত্তাবধানে বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে আসা হলে এক ব্যতিক্রম দৃশ্যের অবতারণা হয়। এম্বুলেন্স থেকে সাঈদীকে নামানো হলে স্বর্গীয় হাসিমাখা মুখে উপস্থিত সবাইকে সালাম জানান বিশ্ববরেণ্য এই ইসলামিক স্কলার। এটাই ছিল এই পৃথিবীতে তাঁর শেষ হাসি।

পৃথিবীতে এটাই সাঈদীর শেষ হাসি
সর্বশেষ আজ সোমবার রাত রাত ১০ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সাঈদীর মরদেহ হাসপাতালে রয়েছে। স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁর জন্মস্থান পিরোজপুরে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ফেসবুক পেইজে জানায়, ‘‘ চলে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ।
বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার এবং বহু গ্রন্থ প্রণেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ মহান রাব্বি কারিমের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করে আজ রাত সাড়ে ৮.৪০টার দিকে ঢাকার পিজি হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।
বিশ্বের দরবারে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন সংগ্রাম করেছেন এই মহান দাঈ। শত অত্যাচার ও নির্যাতনেও তিনি আদর্শ থেকে ও আন্দোলন থেকে সরে আসেননি। তাঁর মৃত্যু পৃথিবীর ইসলামী আন্দোলনের জন্য বেদনাদায়ক।
আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাঁর এই গোলামকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং তাঁকে সম্মানিত করে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করে অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।
তাঁর পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বপর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল দান করুন। আমীন। ’’