বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 12:52 PM, October 21, 2023

বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৩৮ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসংবলিত বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ১৫ তলা ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শনিবার সকালে এই ভবন উদ্বোধন করেন তিনি। ভবন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

 

আইনজীবী মহাসমাবেশে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারাসহ সারা দেশ থেকে আগত বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী আইনজীবীরা এই মহাসমাবেশে অংশ নেবেন।

 

ঢাকার প্রাণকেন্দ্রে নবনির্মিত বার কাউন্সিল ভবনে রয়েছে প্রাকৃতিক নৈসর্গের ছোঁয়া। আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে, গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও স্থাপত্য অধিদপ্তরের নকশায় ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। নবনির্মিত এ ভবনে রয়েছে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, ২টি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, এক্সিবিশন স্পেস, রিসিপশন, রেজিস্ট্রেশন রুম, ব্যাংক, অ্যাকাউন্টস সেকশন, আইটি সেকশন ইত্যাদি।

 

আরও পড়ুন  আমেরিকায় সন্ত্রাসী হামলায় বড়লেখার জয়নুল নিহত

আইনজীবীদের জন্য প্রশিক্ষণ কক্ষ, ৫টি ট্রাইব্যুনাল কক্ষ, সুপরিসর মাল্টিপারপাস হল, নারী ও পুরুষের জন্য আলাদা নামাজের কক্ষ রয়েছে। এছাড়া শতাধিক আইনজীবীর থাকার ব্যবস্থা করা হয়েছে, যাতে টিভি লাউঞ্জ, কিচেন ও ডাইনিং হল রয়েছে।

 

এ ভবনে রয়েছে ৪টি লিফট, ফায়ার ফাইটিং ব্যবস্থা, সিসি ক্যামেরা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পুরুষ-নারী-প্রতিবন্ধীদের জন্য পৃথক শৌচাগার। প্রকল্পে আরবরিকালচারের মাধ্যমে ল্যান্ডস্কেপিং করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সাবস্টেশন ও জেনারেটরের মাধ্যমে আলাদা বিদ্যুৎ লাইনও এতে যুক্ত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ