রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত: 2:05 PM, December 9, 2023

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ
প্রভাতবেলা ডেস্ক: রাজধানীর মতিঝিল ও রামপুরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ। শনিবার সকালে পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মী।

 

এ সময় ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচারী আওয়ামী সরকার রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারব্যবস্থার অপব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিচ্ছে। এ সরকার জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের অধিকার, স্বাধীনভাবে চলাফেরার অধিকারসহ সব মৌলিক মানবাধিকার হরণ করেছে। সরকার নির্বাচনের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করতে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে তফসিল ঘোষণা করেছে। এ ফরমায়েশি তফসিল সব বিরোধী রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন প্রত্যাখ্যান করেছে।’

 

তিনি আরও বলেন, ‘আদালত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল অথচ সরকার আদালতকে অপব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোকাররম হোসাইন, শামছুর রহমান, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম প্রমুখ।

আরও পড়ুন  একদফা দাবিতে এবি পার্টির বিক্ষোভ

 

অন্যদিকে রামপুরায় বিক্ষোভ মিছিলপরবর্তী সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘জনতার দুর্বার আন্দোলন পুলিশ দিয়ে বন্ধ করা যাবে না।

 

তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে দিয়ে বলেন, যারা জনগণের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছেন, জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আদালতে তাদের বিচার করা হবে। ‘সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফজুর রহমান, ফখরুদ্দীন মানিক।

সর্বশেষ সংবাদ