সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় পুলিশের করা মামলার তিন সাক্ষীর আবারও চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আবেদনের পর মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৯ আগস্ট কক্সবাজারের টেকনাফ উপজেলার মারিশবুনিয়া এলাকা থেকে পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য এনে ঘটনায় সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেপ্তার করে র্যাব।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস।
এর আগেও গত ১২ আগস্ট ওই তিনজন সাক্ষীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর রিমান্ডের জন্য ১৪ আগস্ট তাদের র্যাবের হেফাজতে নিয়ে ২০ আগস্ট জিজ্ঞাসাবাদ শেষে আবারও কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু মামলার তদন্তের স্বার্থে আরও তথ্য জানতে তাদের ফের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও র্যাবের এএসপি খাইরুল ইসলাম।
তিনি বলেন, সিনহা হত্যা মামলার আসামিদের মধ্যে এই তিনজন সাধারণ জনতা। এর আগে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলাম। তাদের কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্যও পেয়েছি। কিন্তু অন্যান্য আসামিদের দেওয়া তথ্যের সঙ্গে তাদের তথ্য মিলিয়ে দেখার জন্য মূলত এই রিমান্ড নেওয়া। যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় এবং নিরীহ লোক কষ্ট না পায়। আমাদের সবার প্রত্যাশা সত্যটা প্রতিষ্ঠিত হোক, আর দোষীরা সাজা পাক।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় পুলিশ তড়িঘড়ি করে দুটি মামলা করে। মামলায় নিহত সিনহার সফরসঙ্গী সিফাতকে আসামি করা হয়। সেই মামলায় বেশ কয়েকজনকে সাক্ষী করা হয়। এরপর নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদী হয়ে গত ৫ আগস্ট টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ৯ জন পুলিশ সদস্যকে আসামি করে আদালতে একটি মামলা করেন। এরপর মামলাটির তদন্তভার র্যাবকে দেওয়া হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি