সিলেট ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৬
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট জেলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করলেও জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিগত সরকারের মেগা দুর্নীতির কারণে স্টেডিয়ামটির এই দশা হয়েছে উল্লেখ করে তিনি দ্রুত সংস্কারের নির্দেশ দেন।
বুধবার মাঠ পরিদর্শন শেষে আমিনুল হক জানান, সিলেট জেলা স্টেডিয়ামেই আগামী ৩০ এপ্রিল দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকার যখন জোর করে ক্ষমতায় ছিল, তখন তারা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে। এ কারণে আজ সিলেট জেলা স্টেডিয়ামের এই জরাজীর্ণ অবস্থা দেখতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি অবিলম্বে স্টেডিয়াম সংস্কার করে খেলাধুলার উপযোগী করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা প্রশাসককে নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ফুটবল ও ক্রিকেটসহ সাতটি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সিলেটসহ দেশের ৬৪টি জেলায় একযোগে এই কর্মসূচি শুরু হবে ৩০ এপ্রিল। প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে যারা যোগ্য হিসেবে বিবেচিত হবে, সরকার তাদের বিশেষ ক্রীড়া বৃত্তি দেবে। এছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
খেলোয়াড়দের কল্যাণে সরকারের পদক্ষেপ তুলে ধরে আমিনুল হক বলেন, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা-এই লক্ষ্য নিয়ে ক্রীড়াবিদদের জন্য বিশেষ ভাতা ও ক্রীড়া কার্ড চালু করা হয়েছে। ইতোমধ্যে ১২৯ জনকে এই সুবিধার আওতায় আনা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে আরও ৫০০ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড় এই ভাতার আওতায় আসবেন। মঙ্গলবার সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের পরাজয় নিয়ে তিনি বলেন, হেরে গিয়েছে এতে হতাশ কোনো কারণ নাই। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা অতীতকে মনে রাখব, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।
তিনি বলেন, হার-জিত থাকবেই। বর্তমান সরকারের চিন্তা অনুযায়ী- আগামীর ফুটবল, ক্রিকেট, কাবাডি, বাস্কেটবল, আর্চারি, শ্যুটিং থেকে শুরু করে সকল স্পোর্টসকে সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই।
এর আগে প্রতিমন্ত্রী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন এবং সেখানকার অবকাঠামো ও সুযোগ-সুবিধা দেখে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের আশ্বাস দেন। পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি