হঠাৎ ওয়াশিংটন যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: 12:20 PM, November 16, 2023

হঠাৎ ওয়াশিংটন যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস হঠাৎ করেই আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ওয়াশিংটন যাচ্ছেন। কূটনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

জানা গেছে, পিটার হাস বেলা ১১টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করতে পারেন।

 

তবে কী কারণে তিনি ঢাকা ত্যাগ করছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

 

সম্প্রতি বাংলাদেশের নির্বাচন ঘিরে বেশ তৎপর দেখা গিয়েছিল পিটার হাসকে। তারই পরিপ্রেক্ষিতে দেশের বৃহৎ তিন রাজনৈতিক দলকে সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি দেয় পিটার হাস। বৃহৎ তিন রাজনৈতিক দল হলো- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি।

 

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সোমবার বিকেলে এ চিঠি পাওয়ার কথা জানান। ওইদিন বিএনপিও চিঠি পাওয়ার কথা জানায়।

আরও পড়ুন  এনআইডি|| পয়দা বড়লেখায় জন্মস্থান ভেনেজুয়েলায়!

 

সবশেষ গতকাল বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর প্রতি শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি ওবায়দুল কাদেরের কাছে পৌঁছিয়ে দেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

 

পরে পিটার হাস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সে সময় তিনি, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন। এরপরেই সন্ধ্যায় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ