ছাহেববাড়িতে মুরিদ-মুহিব্বানদের ঢল

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৭

 রেজাউল হক ডালিম ,চান্দাই ছাহেববাড়ি মাহফিলস্থল থেকে:
দক্ষিণসুরমার চান্দাই ছাহেববাড়িতে সকাল থেকে শুরু হওয়া বার্ষিক ফাতেহা শরিফে সন্ধ্যার পর থেকে নামে অসংখ্য-অগণিত মরিদ-মুহিব্বানদের ঢল। বিভিন্ন প্রকারের যানবাহনে করে সিলেট বিভাগ ছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসতে থাকেন ভক্ত-আশেকানবৃন্দ। একসময় কানায় কানায় ভর্তি হয়ে যায় পেন্ডালের ভেতর।
এদিকে, শাহ সুফি মাওলানা জহির উদ্দিন আমহদ (র.) ও তার সুযোগ্য পুত্র শাহ সুফি আশরাফ উদ্দিন আহমদ ‘নক্সবন্দি মোজাদ্দেদি ইব্রাহিমী’ (র.)-এর ওফাত দিবস উপলক্ষে বার্ষিক ফাতেহা শরিফে আগত মুরিদানরা তাদের মাজারে এসে কান্নায় ভেঙে পড়েন। কবর জিয়ারতের মাধ্যমে তাদের প্রিয় মুরিদানদের রূহানি সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তারা অনেক সময় কেঁদে কেঁদে মাজারের পাশে কাটাতে দেখা যায়। সিলেটের দোয়ারা থেকে আগত মো. আশরাফ আলী নামে এক মুরিদ দৈনিক প্রভাতবেলাকে জানান, ‘মুর্শিদ ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। ‘নক্সবন্দি মোজাদ্দেদি ইব্রাহিমী’ ধারার দায়িত্ব পালনে ছাহেববাড়ির অবদান অবর্ণনীয়। আমরা পাগলপারা আশিকান প্রতি বছর এ বাড়ির সুহবত নিতেই আসি।’
এর আগে দক্ষিণসুরমার চান্দাই ছাহেববাড়িতে সকাল থেকে শুরু হওয়া বার্ষিক ফাতেহা শরিফের চতুর্থ অধিবেশন মাগরিবের নামাজের পর লতিফিয়া ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাজ্জাদুর রহমান নকিবীর পরিচালনায় শুরু হয়। এতে তা’লিম ও তারবিয়াত প্রদান করেছেন পীরে কামিল হজরত মাওলানা রফিক আহমদ ছাহেব ইছামতি। উনার বয়ানের পর ছাহেববাড়ির বর্তমান বড় খাদেম মাওলানা শাহ জালাল উদ্দিন আহমদ ‘খতমে তরিকাত’ পাঠ করেন। পরে এশার নামাজের আগে হজরত মাওলানা রফিক আহমদ ছাহেবের মুনাজাতের মাধ্যমে ফাতেহা শরিফের চতুর্থ অধিবেশ শেষ হয়।
উল্লেখ্য, আধ্যাত্মিকদের তীর্থভূমি সিলেটে ‘সুফি প্রথার’ হিরকখচিত স্বাক্ষর বহনকারী দক্ষিণসুরমার প্রাগৈতিহাসিক ‘চান্দাই ছাহেব বাড়ি’তে আজ ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বসেছে মুর্শিদ-মুরিদানদের এক অপূর্ব মিলনমেলা। তাশরিফ আনছেন উপমহাদেশের আধ্যাত্মিক রাহবাররা। উপমহাদেশের সুখ্যাত কামিল বুজুর্গদের একনজর দেখার জন্য, তাদের নির্মল সান্নিধ্যে কিছু মুহুর্ত কাটানোর উদ্দেশ্যে আজ চান্দাই ছাহেববাড়িতে ঢল নামছে হাজার হাজার ভক্ত-আশিকার ও ধর্মপ্রাণ মানুষের।
দক্ষিণ সুরমার চান্দাই গ্রামের শাহ সুফি মাওলানা জহির উদ্দিন আমহদ (র.) ও তার সুযোগ্য পুত্র শাহ সুফি আশরাফ উদ্দিন আহমদ ‘নক্সবন্দি মোজাদ্দেদি ইব্রাহিমী’ (র.)-এর ওফাত দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ১১টা থেকেই শুরু হয়েছে বার্ষিক ফাতেহা শরিফ। চান্দাইস্থ ছাহেব বাড়ি প্রাঙ্গণে এ মুবারক মাহফিল চলবে পরদিন ফজর পর্যন্ত।
সকাল ১১টায় খমতে কুরআনের মধ্য দিয়ে শুরু হয়েছে মুবারক মাহফিলের প্রথম অধিবেশন। বাদ জুম্মা ‘চান্দাই ছাহেব বাড়ি ফাতেহা শরিফ বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক ও ছাহেব বাড়ির বড় ছাহেব মাওলানা জালাল উদ্দিনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। বড় ছাহেবের আম বয়ানের পর বয়ান পেশ করেন চান্দাই ছাবের খলিফা হজরত মাওলানা কাজি কওছর উদ্দীন এবং স্থানীয় মসজিদের ইমাম ও খতিব শামসুজ্জামান শমসের সাহেব। আছরের নামাজের পূর্ব পর্যন্ত চলে উনার নছিহতি বয়ান।
পরে আছরের নামাজ শেষে শুরু হয় কিরাআত তেলাওয়াত, হামদের বারী, নাতে রাসুল ও ইসলামী সংগীতের অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করছেন আশরাফিয়া শিল্পীগোষ্ঠী ও বন্ধন শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ