কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ১ মার্চ

প্রকাশিত: 2:26 AM, February 16, 2017

প্রভাতবেলা প্রতিবেদক: একাধারে চারবার পেছালো সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। এবার মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী ১ মার্চ (বুধবার)।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে আসামিরা হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ করেননি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান।

ইতোপূর্বে ১৭ ও ১৮ জানুয়ারি এবং ৮ ফেব্রুয়ারি সাক্ষী ও আসামি না আসার জটিলতায় সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছিলো।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর প্রভাতবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার মামলার ধার্য তারিখে জামিনে থাকা সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র গৌছসহ জামিনে থাকা আসামিরা আদালতে হাজির থাকলেও সাক্ষী ও ঢাকার কাশিমপুর কারাগারে থাকা আসামিদের কেউই হাজির হননি।

যে কারণে সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আলোচিত এ মামলায় ১৭১ জন সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন  লাঠিটিলা সীমান্তের ওপারে ভারতের পাথারকন্দিতে বাংলাদেশী খুন

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

২০১৪ সালের ২১ ডিসেম্বর ২৫ জনের নাম উল্লেখ করে আদালতে এ মামলার সম্পূরক চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি সিলেট জোনের এএসপি মেহেরুন নেছা পারুল।

সর্বশেষ সংবাদ