সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯
শাবি সংবাদদাতা: ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের শাস্তি দাবি করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
তিনি বলেছেন, কিছু কিছু ঘটনা আমাদের ব্যথিত করে। ফেনীর মাদ্রাসাছাত্রীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ হত্যাকাণ্ডে জড়িত সবার শাস্তি আমরা চাই।
শুক্রবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ২০ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। শাবির কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিবেশমন্ত্রী বলেন, এ রকম ঘটনা আমাদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে লক্ষ্য, সে লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের কাজ করে যেতে হবে। তিনি দেশকে ভালোবাসার আহ্বান জানিয়ে বলেন, দেশ এবং মাটি ও মানুষকে ভালোবাসা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
মন্ত্রী পরিবেশ রক্ষার্থে পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সমস্যা সমাধানে সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক মোছাদ্দেক আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ শাকিল। সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী ফয়জুল্লাহ ওয়াসিফ।
শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এখানকার ছাত্ররা খুবই মেধাবী। কিন্তু অবকাঠামোর দিক দিয়ে আমাদের যতদূর এগিয়ে যাওয়ার কথা ছিল, ততদূর যেতে পারিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক মো. মনিরুল ইসলাম, অধ্যাপক মো. খায়রুল ইসলাম, অধ্যাপক মাজহারুল হাসান মজুমদার, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনীর আহমেদ চৌধুরী, প্রথম ব্যাচের শিক্ষার্থী নিজাম উদ্দিন আকন্দ, আল-হারামাই হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এহসানুল রহমান, বারডেমের সাবেক চিকিৎসক এম ফয়েজ উদ্দিন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন আহ্বায়ক তানভীর আহমাদ তরফদার।
এর আগে শাবির শিক্ষা ভবন ‘ই’-এর সামনে থেকে ব্যবসায় প্রশাসন বিভাগের সবার অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। দু’দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে গতকাল শাবির মুক্তমঞ্চ প্রাঙ্গণে অর্থহীন ব্যান্ডের মেগা কনসার্ট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে শনিবার থাকবে খেলাধূলা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি