মার্চে ধাপে ধাপে উপজেলা নির্বাচন

প্রকাশিত: 10:36 PM, January 10, 2019

মার্চে ধাপে ধাপে উপজেলা নির্বাচন

প্রভাতবেলা প্রতিবেদক, ঢাকা:  ধাপে  ধাপে আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব।

হেলালুদ্দীন আহমদ বলেন, ধাপে ধাপে মার্চের প্রথম সপ্তাহ থেকে সারা দেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। কয়েকটি ধাপে এই নির্বাচনের ভোট গ্রহণ হবে।

মোট কয়টি ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে—এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ৬, ৭ কিংবা ৮ ধাপে হবে। যদিও এখনো সিদ্ধান্ত হয়নি। আগামী কমিশন সভায় এসব নিয়ে আলোচনা হবে। তার পরে সিদ্ধান্ত হবে।

২০১৪ সালেও ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় সাত ধাপে এ নির্বাচন সম্পন্ন করে ইসি।

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে সচিব বলেন, আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনে তফসিল ঘোষণা করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুসারে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে এবার বাংলাদেশ আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে ২টি আসন পাবে।

সর্বশেষ সংবাদ