মুহাম্মদ আবদুর রব,কুয়ালালামপুর : মালয়েশিয়া ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক দাতু শ্রী মোস্তফা বিন আলী র নেতৃত্বে ৮ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ হাই কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়।
১৭ জুলাই অনুষ্ঠিত সভায় মোস্তফা বিন আলী নিশ্চিত করেন যে, ৩১ ডিসেম্বর ‘১৭ পর্যন্ত মালয়েশিয়ায় বসবাসরত সকল অবৈধ বাংলাদেশী রি- হেয়ারিং প্রক্রিয়ার আওতায় বৈধ হওয়ার সুযোগ পাবেন। তিনি এই সুযোগ গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন- অবৈধ ব্যক্তিদের ধরপাকড় যেকোন দেশের অভ্যন্তরীণ আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় একটি চলমান ও স্বাভাবিক প্রক্রিয়া। তবে গ্রেফতার ভয় এড়িয়ে রিহেয়ারিং প্রক্রিয়ায় যাতে সব বাংলাদেশী অংশগ্রহণ করতে পারে ইমিগ্রেশন কর্তৃপক্ষ মালিক পক্ষের চিঠির ভিত্তিতে তাদের নিরাপদে ইমিগ্রেশন অফিসে যাতায়াতে সুযোগ করে দিবে। এ ছাড়াও তারা অন্যান্য কার্যকর পন্থা নির্ধারণের প্রচেষ্টা করছে। এটি বাংলাদেশীদের পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত।
এ পর্যন্ত প্রায় ১ লাখ বাংলাদেশী ই- কার্ড এর এবং ২ লাখ ৯৩ হাজার শ্রমিক রিহেয়ারিং প্রক্রিয়ার অধীনে এসেছে যা সর্বমোট আবেদনের ৫৭% এবং ৮৯%। মহাপরিচালক বাংলাদেশীদের এই অভূতপূর্ব সাড়ার ভূয়সী প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, উভয় পক্ষের মধ্যে সহযোগিতার এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
বাংলাদেশ হতে টুরিস্ট, প্রফেশনাল বা ব্যসায়িক ভিসা নিয়ে মালয়েশিয়ায় কাজ করার সুযোগ নাই উল্লেখ করে মহাপরিচালক অনুরোধ করেন যাতে সঠিক শ্রেণীর ভিসা নিয়ে বাংলাদেশীরা মালয়েশিয়ায় আসেন যা এয়ারপোর্ট এ হয়রানির সম্ভাবনাকে হ্রাস করবে।