সিলেট ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৬
মাঠে ময়দানে ডেস্ক: বাংলাদেশের আলোচিত দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ বলে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বল করার ক্ষেত্রে তাদের ওপর আর কোন বাধা রইলো না।
তবে বলা হয়েছে, এই দুজন ক্রিকেটারের বোলিং নিয়ে আম্পায়ারদের যদি ভবিষ্যতে কোন সন্দেহ হয় তাহলে তারা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারবেন।
তাসকিন ও আরাফাতের বোলিং অ্যাকশন পরীক্ষা করে দেখার পর আইসিসি আজ শুক্রবার এক বিবৃতিতে তাদের বোলিংকে বিধিসম্মত বলে ঘোষণা করেছে।
তারা বলছে, এই দু’জন ক্রিকেটারই এখন আন্তর্জাতিক ক্রিকেটে আবার বল করা শুরু করতে পারবেন।
এই সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর হবে।
তাসকিন ও আরাফাতের বোলিং নিষিদ্ধ থাকায় এমাসে আফগানিস্তানের সাথে সিরিজে বাংলাদেশ দলে তাদেরকে রাখা হয়নি।
কিন্তু দলে একটি জায়গা ফাঁকা রাখা হয়েছিলো তারা ক্লিয়ারেন্স পেয়ে মাঠে ফিরে আসবেন এই আশায়।
আরাফাত ও তাসকিনের বোলিং অ্যাকশন সবশেষ পরীক্ষা করে দেখা হয় ৮ই সেপ্টেম্বর, ব্রিসবেনে, ন্যাশনাল ক্রিকেট সেন্টারে।
পরীক্ষার পর বলা হয়েছে, বল করার সময় এই দু’জন বোলারের কনুই যতোটুকু বেঁকে যায় সেটা ১৫ ডিগ্রির নিচে যা আইসিসির বোলিং অ্যাকশনের সংজ্ঞা অনুযায়ী বৈধ।
ভারতের ধরমশালায় ২০১৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস ও বাংলাদেশের ম্যাচের সময় এই দু’জনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়।
পরে চেন্নাইতে তাদের বোলিং অ্যাকশন পরীক্ষা করে দেখা হয় কিন্তু সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে ব্যর্থ হন।
তার কদিন পরেই আইসিসি এই দু’জনের বোলিংকে নিষিদ্ধ ঘোষণা করে।
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দু’জনের বোলিং নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশে তার ব্যাপক সমালোচনা হয়েছিলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলে জুডিশিয়াল কমিশনার সেই নিষেধাজ্ঞা বহাল রাখে।
এরপর বোলিং অ্যাকশন ঠিক করতে আরাফাত ও তাসকিন দু’জনেই প্রচুর পরিশ্রম করেছেন।
বাংলাদেশ ক্রিকেট কর্তৃপক্ষও ত্রুটি শোধরাতে তাদেরকে সাহায্য করেছে।
ত্রুটির সংশোধন হয়েছে- এবিষয়ে নিশ্চিত হওয়ার পরেই বিসিবি তাদেরকে ব্রিসবেনে পাঠিয়েছিলো তাদের অ্যাকশন পরীক্ষা করে দেখার জন্যে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি