সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: ধোঁয়ায় আচ্ছন্ন পুরো সিলেট। সবার দৃষ্টি দক্ষিণ সুরমার শিববাড়ী। ‘আতিয়ামহলে’র নাম মুখে মুখে। আতঙ্কগ্রস্থ মানুষের প্রশ্ন কি হচ্ছে? কি হবে? কখন শেষ হবে? এসব প্রশ্নের কোন উত্তর মিলছে না। অাইনশৃংখলা বাহিনীর ভাষ্যছাড়া কোন তথ্যও পাওয়া যাচ্ছেনা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী;
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’র জঙ্গি আস্তানায় ‘অপারেশন টোয়ালাইটে’ দুই জঙ্গি নিহত হয়েছে। ভেতরে আরও এক বা একাধিক জঙ্গি আছে। জঙ্গিরা মহলের ভবনটির নিচ তলায় আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) পেতে রাখায় সেটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, এ কারণে সেখানে সতর্কতার সঙ্গে অভিযান চালাতে হচ্ছে। তাই অভিযান কবে শেষ হবে বলা যাচ্ছে না, তবে জঙ্গিদের নিউট্রালাইজ (নিষ্ক্রিয়) করা পর্যন্ত অভিযান চলবে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দিনগত রাত থেকে টানা ৩০ ঘণ্টা ঘেরাও করে রাখার পর শনিবার (২৫ মার্চ) সকাল ৮টা ২৮ মিনিটে শুরু হয় ‘অপারেশন টোয়ালাইট’। লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েসের নেতৃত্বে পুলিশ ও সোয়াট বাহিনীর সঙ্গে সমন্বয় করে টানা ৩৩ ঘণ্টা ধরে অভিযান চালাচ্ছেন সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। শুক্রবার (২৫ মার্চ) ভোর থেকে অভিযানস্থল এবং এর আশপাশে ১৪৪ ধারা জারি রয়েছে। অভিযানস্থল পুরোপুরি কর্ডন করে রেখেছেন সেনাসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল, ভেতরে জিম্মি থাকা বাড়িটির বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে বাইরে নিয়ে আসা। ৭৮ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধারের মাধ্যমে আমরা সেটি সফলভাবে করতে পেরেছি। এখন লক্ষ্য হচ্ছে, অভিযান পরিচালনাকারী নিজেদের সদস্যদের নিরাপদে রেখে জঙ্গি নির্মূল করা।’
‘আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল (যত দ্রুত সম্ভব) অপারেশন শেষ করতে চেয়েছিলাম। কিন্তু ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, নিচ থেকে জায়গায় জায়গায় আইইডি লাগানো। নড়াচড়া করাও যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এরমধ্যেও আমাদের কমান্ডোরা ঝুঁকি নিয়ে চেষ্টা করছেন। বিভিন্ন অ্যাপ্রোচ (পদ্ধতি) প্রয়োগ করে জঙ্গিদের নিউট্রালাইজ (নিষ্ক্রিয়) করার চেষ্টা করছেন।’ব্রি. জে. ফখরুল আহসান বলেন, ‘নিশ্চিত করে বলতে পারছি না এক্স্যাক্টলি (ঠিক) কখন অপারেশনটা শেষ হবে। ধৈর্য ধরতে হবে। মহলের বাসিন্দাদের উদ্ধার করা ছিল প্রথম লক্ষ্য। সে কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে পেরেছি। এখন তাড়াহুড়ো নেই। সতর্কভাবে কাজ করছি। কমান্ডোরা বিভিন্ন টেকনিক ব্যবহার করে এগিয়ে যাচ্ছেন।’
ভেতরে জঙ্গি থাকার বিষয়ে সেনাবাহিনীর এ কর্মকর্তা বলেন, ‘আমরা এখনও নিশ্চিত করে বলতে পারছি না, কতজন জঙ্গি ভেতরে আছে। তবে এক বা একাধিক ভেতরে আছে। দুই জঙ্গি দৌড়াদৌড়ি করার সময় আমাদের কমান্ডোরা তাদের গুলি করেছে। তারপর তাদের পড়ে থাকতে দেখা গেছে গ্রাউন্ড ফ্লোরে। এখন যারা আছে, তাদের মধ্যে কোনো নারী সদস্য আছে কিনা, তা এখনো নিশ্চিত নই। তবে থাকতে পারে।’
তবে কমান্ডোরা সবাই নিরাপদে আছেন এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান সেনাবাহিনীর এ কর্মকর্তা।
৪-৫ জন জঙ্গিকে ঘিরে ‘আতিয়া মহলে’ অপারেশন হচ্ছে কিনা জানতে চাইলে এ ব্রি. জে. ফখরুল আহসান বলেন, সেরকমই বলা যেতে পারে।
তবে অভিযানকালে বাইরে বিস্ফোরণ যারা ঘটিয়েছে তাদের সঙ্গে ভেতরের জঙ্গিদের যোগসূত্র আছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, এটা যারা তদন্ত করছেন, তারা ভালো বলতে পারবেন। আমাদের এখানে টার্গেট দেওয়া হয়েছে, টার্গেট নিউট্রালাইজ (নিষ্ক্রিয়) করতে, আমরা তা করছি। সবাই নিরাপদে থেকে টার্গেট নিউট্রালাইজ করাই এখন উদ্দেশ্য।’
অভিযান শুরুর পর থেকে শনিবার দুপুর নাগাদ ওই বাড়িতে জিম্মি হয়ে থাকা ২৮ পরিবারের ৭৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনী। তবে অভিযান চলাকালেই শনিবার রাতে অভিযানস্থলের বাইরে ৩০০ গজ উত্তরের রাস্তায় দু’দফা বোমা বিস্ফোরণে নিহত হন দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন, আহত হয়ে হাসপাতালে আছেন সাংবাদিক, পুলিশ ও র্যাব সদস্যসহ ৩২ জন।
নিহতদের মধ্যে আছেন- জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও আদালত পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু কয়সার। তারা দু’জনই পুলিশের বোমা নিস্ক্রিয়কারী দলের সদস্য ছিলেন। অপর নিহতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিম, মহানগর ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম অপু, নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা ডেকোরেটর ব্যবসায়ী শহীদুল ইসলাম ও খাদিম শাহ।
ওই বিস্ফোরণের ঘটনার পর থেকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিস্ফোরণস্থল ফিতা টানিয়ে সুরক্ষিত করে রেখেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি