মাদ্রাসার ছাত্র আর এলাকার মানুষের মাঝে যদি মারামারি ধরণের কিছু ঘটে যায়, তাহলে তা হবে লেজে গোবরে অবস্থা। কারণ শায়খ আজিজুর রাহমান শাহবাগীর ঐকান্তিক প্রচেষ্টায় সুজাউল এলাকা হচ্ছে এমন একটি এলাকা, যার প্রতিটি পরিবারে কমপক্ষে ০১টি সন্তান সুজাউল মাদ্রাসায় পড়ে। এখন একই পরিবারের একজন আছে ক্যাম্পাসে আর আরেকজন বাজারে। আমি রীতিমতো সমস্যায় পড়ে গেলাম। একদিকে আমার রুদ্ররোষে বদরুল আর মছরুল আক্রান্ত, অপর দিকে আক্রান্ত ছাত্র সংসদের বর্তমান কর্মকর্তারা। উল্লেখ্য যে, সুজাউল মাদ্রাসা ছাত্র সংসদে ভিপি পদটি একটি অলংকৃত পদ। সম্ভবত আমিই একমাত্র ভিপি, যে অলংকৃত পদটির পুরো ফায়দা নিয়ে এক্সিকিউটিভ পদের মতো দায়িত্ব পালন করেছি।
চিন্তা করতে করতে হঠাৎ আমার মাথায় আমার একজন মুরব্বির একটি অতিচমৎকার শব্দ মনে পড়ে গেলা। শব্দটির নাম “টাইম কিলিং”। অবশেষে আমি টাইম কিলিং এর সিদ্ধান্ত নিলাম।
সাধারণতঃ সুজাউল মাদ্রাসায় ওয়াজ মাহফিলে এলাকার মা বোনেরা মুক্ত হস্তে নানা ধরণের সামগ্রী হাদিয়া বা সাদাকা হিসাবে প্রদান করেন। যেমনঃ ঘরের মুরগি, কদু, লাউ, সবজি, নারিকেল, ডিম ইত্যাদি। যা ওয়াজ মাহফিল শেষ হলে নিলামে বিক্রি করা হয়।
ছাত্র সংসদের কর্মকর্তাদের সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দিয়ে বললাম, মাদ্রাসার একটা ছাত্রও যাতে ক্যাম্পাসের বাহিরে না যায়, সে ব্যবস্থা করতে হবে। এদিকে আমি চলে গেলাম মুরগি কদু তথা হাদিয়া সাদাকার জিনিসপত্র নিলামের নামে টাইম কিলিং এ। নিলামের জন্য মাইকটা দখল করে নিলাম কাজে অতিরিক্ত টাইম লাগাতে থাকলাম “টাইম কিলিং”এর অংশ হিসাবে। এদিকে শাহবাগী হুজুর আমার উপর রীতি মতো অগ্নিশর্মা হয়ে বসে আছেন। কোথায় সে সমস্যা সমাধানে উদ্যোগী হবে, তা না করে সে নিলাম বিনোদন করছে।
একসময় নিলাম কাজ শেষ হলো। ততক্ষণে সারা রাত অপেক্ষায় থাকা গ্রামবাসীর মাঝে যারা অতিউৎসাহী উশৃংখল ছিল, তারা ঘুমের জ্বালায় বাড়ী ফিরতে বাধ্য হয়েছে। বাজারে ইনফরমেশন নিয়ে জানা গেলো যে, পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। আমি প্রভাবশালী মুরব্বী আমীর মেম্বারের স্মরণাপন্ন হলাম। টাইম কিলিং-এর অংশ হিসাবে বিষয়টাকে যে কোন ভাবে আজ থেকে সরিয়ে অন্য কোন এক তারিখে নিয়ে যেতে বললাম। তিনি অত্যন্ত দক্ষতার সাথে সেই কাজ করে দিলেন।
আমার টাইম কিলিং মিশন কাজ শুরু করেছে। সকল ছাত্রদের নিয়ে মিটিং করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে বিদায় দিলাম। তখন গ্রামবাসী প্রায় সবাই চলে গিয়েছেন। ছাত্ররাও তাদের বাড়ীতে চলে গেলো।
ততক্ষণে আমি শাহবাগী হুজুরের কাছে হাজির। দেখা গেলো উনার রাগও অনেকটা কমে এসেছে। তিনি যেন মুচকি মুচকি হাসছেন। বললেন, তোমার সেই দুষ্টুমি এখনো গেলনা। জানতে চাইলেন, কি ভাবছো? কিভাবে ম্যানেজ করবে? আমি বললাম, টাইম কিলিং।
অবশেষে টাইম কিলিং করতে করতে আমরা বিষয়টাকে প্রায় ২মাস পর্যন্ত দীর্ঘ করলাম। পরে পুরো সুজাউল এলাকার মানুষকে নিয়ে মিটিং হলো। মিটিংএ যারা প্রধান ভূমিকা রাখবেন, তাদের অন্যতম মুরব্বীদের সাথে ব্যক্তিগত ভাবে দেখা করলাম। তাদেরকে ম্যানেজ করতে সক্ষম হলাম।
এক সময় নির্ধারিত দিন চলে আসলো। শাহবাগী হুজুরের চেহারাতে আবার অন্ধকার নেমে আসলো। তিনি চিন্তায় পড়ে গেলেন। যদি কিছু ঘটে যায়। আমি তাকে নিশ্চয়তা দিলাম, দূশ্চিন্তা না করতে বললাম। সকল ছাত্রদেরকে ফায়সালার জন্য আয়োজিত সমাবেশে সামনের সারি দখল করালাম। বিচার ফায়সালা শুরু হবে হবে এমন অবস্থায় আমি মুরব্বীদের কাছে মাত্র ০৫ মিনিট সময় চাইলাম এই শর্তে যে, আমার বক্তব্য শেষ না হওয়া অবধি আমাকে থামাবেন না। তারা মনজুর করলেন। এখানে বিশেষ ভাবে উল্লেখ যোগ্য কাজী আব্দুশ শাকুর-যিনি আমাকে সুযোগ দিলেন-যিনি এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন। আমি বক্তব্য দিলাম। বক্তব্যের সারকথা হলো, যারা মেরেছে তারা আপনাদের এলাকার মানুষ। একজনের বাড়ী তারাদরম, অন্যজনের বাড়ী ঘোলসাতে। আর যে মার খেয়েছে সেও আপনাদের এলাকার মানুষ-তার বাড়ী চান্দের গোলে। আর ঘটনাটি ঘটেছে মাদ্রাসার বাহিরে আপনাদের এলাকা সুজাউলে। এখানে ঘটনার সাথে মাদ্রাসা বা মাদ্রাসা ছাত্রদের সম্পর্ক কি? আমি মনে করি বিষয়টা নিয়ে আপনারা এলাকাবাসী মাদ্রাসার বাহিরে বসুন, সমাধান করুন। এই বিষয়টা মাদ্রাসার সাথে জুড়ে দেয়া বা বিষয়টার সাথে মাদ্রাসা ছাত্রের সংশ্লিষ্টতা উদ্দেশ্য মূলক। আমরা তা গ্রহণ করিনা। তাই বিষয়টি সেই দৃষ্টিকোন থেকে বিবেচনা করার অনুরোধ করছি।
আমার বক্তব্য শেষ হলো। বিচার স্থলে পিনপতন নিরবতা। নিরবতা ভাঙলেন শ্রদ্ধেয় আমীর মেম্বার। বললেন, ‘মুল্লা বেটা তো বিচার খাইয়া ফালাইছে।’
এরপর আমীর মেম্বার নিজে বিষয়টা দেখার জন্য ৫মিনিট সময় চাইলেন এবং কয়েকজন মুরব্বীসহ আমাকে নিয়ে মিটিং করলেন এবং আপোষে বিষয়টি সমাধান করলেন।
যেখানে রক্তপাত এবং সংঘর্ষের আশংকা ছিল, সেখানে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে বিষয়টি শেষ হলো। ফেতনা ছাড়া বিষয়টির সামাধান হওয়াতে তৃপ্তির হাসি ফুটে উঠলো আমাদের শাহবাগী হুজুরের চেহারাতে।