ওয়ান্ডারার্সকে উড়িয়ে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের জয়

প্রকাশিত: 7:19 PM, January 19, 2024

ওয়ান্ডারার্সকে উড়িয়ে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের জয়

তানজীল শাহরিয়ার : শুক্রবার ছুটির দিন, টানা ক’দিনের তীব্র শীতের পর সকালে ঝলমলে সূর্যের দেখা! এমন আলোকোজ্জ্বল দিনে সিলেট জেলা স্টেডিয়ামে মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র ১৮শ ম্যাচ শেষ হয়ে গেছে বেলা ১২:৫৬ মিনিটে। দুই ইনিংস মিলিয়ে সাকল্যে খেলা হয়েছে ৬২.৪ অভার। না, গত দুইদিনের মত আজ কার্টেল অভারের খেলা ছিলো না। ৫০ অভারের ম্যাচই ছিলো। তাতে দুই দল মিলে ১০০-তে ‘তুলতে’ পারলেন ৬২.৪!

 

স্বল্প দৈর্ঘ্যের ম্যাচে ৯ উইকেটের বড়ো জয় তুলে নিয়েছে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র। লিগে এটা তাদের ২য় জয়।

 

টসে জিতে ওয়ান্ডারার্স ক্লাবকে ব্যাট করতে পাঠায় বীর বিক্রম। ২য় অভারে ৩ রানেই ১ম উইকেট খোয়ায় ওয়ান্ডারার্স। এরপর ২য় উইকেটে ৫০ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে ফিরিয়ে আনার চেষ্টা করেন অপেনার নজরুল এবং তিনে নামা সুফিয়ান। তবে এই জুটি ভাঙার পর বীর বিক্রমের বোলাররা মুড়ি-মুড়কির মত উইকেট তুলে নিয়েছেন।

 

৭.৫ অভারে ৫৩/২ থেকে ৩২.৪ অভারে সব উইকেট খুইয়ে ১০৬ রান তোলে ওয়ান্ডারার্স। ৫৩ রানেই ৯ উইকেট হারায় ওয়ান্ডারার্স!

আরও পড়ুন   শিক্ষিকার গালে শিক্ষকের চড়

 

বীর বিক্রমের লেগি অমিত ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ওয়ান্ডারার্সের ব্যাটিং ধ্বসে মূখ্য ভূমিকা পালন করেছেন। বাঁহাতি স্পিনার সাব্বিরও কম যাননি –– ৮ অভার বল করে ২১ রান দিয়ে শিকার করেছেন ৩টি উইকেট। এই ৮ অভারের মধ্যে ৫ অভার ছিলো মেডেন!

 

গুলজার এবং নওরোজ ১টি করে উইকেট পেয়েছেন।

 

ওয়ান্ডারার্সের সর্বোচ্চ রান এসেছে সুফিয়ানের ব্যাট থেকে –– ৪৯ রানের দায়িত্বশীল ইনিংসটির স্থায়িত্ব ছিলো ৫৩ মিনিট, তবে বল খেলেছেন মাত্র ৪৩টি! ৭টি চার আর ২টি ছক্কা ছিলো তার ইনিংসে। অপেনার নজরুল করেছেন ২২ রান, ১১ নাম্বারে নামা শাজাদ করেছেন ১১ রান। বাকি ৮ জনের মধ্যে তিন জন রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে এসেছেন। তিন জন করেছেন ১ রান করে, আর একজন তুলতে পেরেছেন ৮ রান!

 

বীর বিক্রমের ব্যাটাররা ১০৭ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে। অপেনার সুমন ২টি করে চার আর ছক্কা মেরে ২০ বলে ২১ রান তুলে ফেলেন। ৫.৫ অভারে ৩০ রানে তিনি শাজাদের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন।

আরও পড়ুন  সুনামগঞ্জ ট্রাভেল এসোসিয়েশনের ইফতার মাহফিল

 

অন্য অপেনার ইমরান আর মাসুম মিলে ২য় উইকেটে ৭৯ রান তুলে অবিচ্ছিন্ন থেকে ম্যাচ শেষ করে উইকেট ত্যাগ করেন। ৩০ অভারেই ২য় ইনিংস সম্পন্ন হয়ে যায়।

 

যে উইকেটে ওয়ান্ডারার্সের ব্যাটাররা ঝলমলে দিনেও ‘অন্ধকার’ দেখেছেন। এই উইকেটেই বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে বড়ো জয় তুলে নেওয়ার কৃতিত্ব বীর বিক্রমের ব্যাটারদের দিতে হবে।

 

ইমরান এক প্রান্তে ধীর স্থিরভাবে ব্যাট করে ১০০ বলে ৩১ রান তুলেছেন। অন্য প্রান্তে ৭৫ স্ট্রাইক রেটে ৬২ বলে ৪৭ রান করেছেন মাসুম। তার স্ট্রোক ঝলমলে ইনিংসে ছিলো ৮টি চারের মার।

 

ওয়ান্ডারার্সের ৬ বোলারের মধ্যে শাজাদই উইকেট পেয়েছেন। বাকিরা ফিরেছেন শুন্য হাতে।

 

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বীর বিক্রমের অমিত মল্লিক।

 

ব্যাটে-বলে প্রতিপক্ষকে এমন নাস্তানাবুদ করে দেওয়া জয় বীর বিক্রম ইয়ামিন চক্রের ক্রিকেটারদের আত্মবিশ্বাসের পালে যে জোর হাওয়া দেবে, বলাই বাহুল্য।

সর্বশেষ সংবাদ