কবে হবে ছাতকের সুরমা সেতু?

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬

জুনেদ আহমদ(রুনু), দক্ষিণছাতক : ছাতকের সুরমা নদীর উপর ২০০৬সালে শুরু হয়েছিল সেতুর নির্মান কাজ। তিন বছরের মধ্যে কাজ শেষ হওযার কথা ছিল। এক বছরের মধ্যে ৮কোটি টাকা ব্যয়ে সেতুর চারটি স্তম্ভ (পিলার) নির্মাণ করা হয়। এর পর প্রকল্পটি এডিপি থেকে বাতিল করা হয়। ফলে বন্ধ হয়ে পড়ে কাজ। দীর্ঘ ৯বছর ধরেই নির্মাণ কাজ বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সেতু নির্মান কাজ শেষ করতে ৫১কোটি টাকার একটি সংশোধিত প্রকল্প যোগাযোগ মন্ত্রনালয়ে জমা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পরিকল্পনাহীনভাবে কাজ শুরু করায় এই সেতুর ভবিষ্যৎ অন্ধকার। সংযোগ সড়ক তৈরির সুযোগ না থাকায় সেতুটির কাজ আর শুরু না হতে পারে বলে শঙ্কা রয়েছে। এতে করে নদীর মধ্যে স্তম্ভ নির্মাণের ৮কোটি টাকার পুরোটাই ‘জলে গেলো’ বলে দাবি তাদের। এলাকাবাসী জানান, সুনামগঞ্জের হাওর বেষ্টিত উপজেলা ছাতক ও দোয়ারাবাজারের সাথে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য সুরমা নদীর উপর একটি সেতু নির্মানের দাবি দীর্ঘদিনের। বিএনপি নেতৃত্বাধিন চার দলীয় জোট সরকারের আমলে এলাকাবাসীর স্বপ্নের এই সেতুর কাজ শুরু হলেও একবছর পরই তা বন্ধ হয়ে যায়।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ছাতকের সঙ্গে দোয়ারাবাজার উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ছাতক পৌর শহরের বাজনামহল এলাকায় সুরমা নদীর ওপর ২০০৪সালে এই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। একই বছরের ২৩শে আগষ্ট ভিত্তি প্রস্থর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরপর সরকারের একটি বিশেষ প্রকল্পের আওতায় ২০০৬সালের জানুয়ারিতে প্রায় ১৮কোটি টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০০৭সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর সেতুর কাজ বন্ধ হয়ে যায়। ২০১০সালে সেতুর অসমাপ্ত কাজ শেষ করার জন্য ৫১কোটি টাকার একটি নতুন প্রকল্প যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু এর কোনো অগ্রগতি নেই। প্রকল্পটি অনুমোদিত না হলে সেতুর কাজ আর নাও হতে পারে বলে জানিয়েছেন সওজ’র কর্মকর্তারা।
সরেজমিনে দেখা গেছে, সেতুর ছাতক শহর অংশে তিনটি পাকা পিলার ও নদীর ওপারে আরও দুটি পিলারের কাজ করা হয়েছে। সেতুর দুই পাড়ের সংযোগ অংশের কিছু পাকা কাজও হয়েছে। এ ছাড়া আর কোনো কাজ হয়নি। নদীর দক্ষিণ পাড়ে সেতুর ঠিক মুখেই গড়ে উঠেছে আকিজ গ্রুপের কারখানাসহ আরো বেশ কয়েকটি কারখানা। রয়েছে রেলওয়েসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থাপনা। ফলে সেতু নির্মিত হলেও সংযোগ তৈরি করতে ঝামেলায় পড়তে হবে। এ কারনে সেতুটির নির্মান কাজ শুরু হচ্ছে না বলে জানা গেছে। ছাতকের একাধিক লোকজন জানান, নির্মিনাধীন সেতুর কাছাকাছি গড়ে উঠা বিভিন্ন প্রতিষ্ঠান সেতুটির কাজ শুরু না করার জন্য চাপ দিচ্ছে। সেতুর কাজ শেষ হলে সংযোগ সড়কের জন্য তাদের ক্ষতি হতে পারে ভেবেই চাপ দিচ্ছে। এছাড়া এই সেতুটি পরিকল্পনাহীনভাবে নির্মান কাজ শুরু করা হয়েছিল। ফলে এই সেতু আর হবে কি না, সাধারন মানুষের মধ্যে একটাই প্রশ্ন কবে হবে স্বপ্নের সুরমা নদীর সেতু?

সর্বশেষ সংবাদ