সিলেটের পাঠানটুলায় ৩ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: 7:20 PM, June 7, 2020

সিলেটের পাঠানটুলায় ৩ লাখ টাকা ছিনতাই

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এক ব্যক্তির কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই হয়েছে।

 

জানা যায়, মদিনা মার্কেটের শাপলা গলির বাসিন্দা আব্দুল হক দুপুর ১২টার দিকে পাঠানটুলা রূপালী ব্যাংকের শাখা থেকে তিন লক্ষ টাকা উত্তোলন করে ব্যাংকের নিচে নামতেই সিএনজি অটোরিকশাযোগে ৩/৪ জন ছিনতাইকারী এসে তাকে জাপটে ধরে এবং ধারালো অস্ত্রের মুখে সিএনজি অটোরিকশায় তুলে গোয়াবাড়ি এলাকার চা বাগানে নিয়ে যায়। সেখানে গিয়ে আব্দুল হকের মাথায় শক্ত রুল দিয়ে এবং ধারালো ক্ষুর দিয়ে হাতে আঘাত করে তার কাছ থেকে ওই তিন লাখ টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে মানুষজন তাকে একটি গাড়িতে করে বাসায় পাঠান।

 

এ বিষয়ে আব্দুল হক বলেন, আমাকে জোরপূর্বক গাড়িতে তুলে ৩/৪ জন ছিনতাইকারী রূপালী ব্যাংক থেকে উত্তোলন করা ৩ লাখ টাকা নিয়ে গেছে। তাদের মুখে মাস্ক ছিলো, তাই চেনা যায়নি।

আরও পড়ুন  কৃষকের সকল চাহিদা পূরণ করছে সরকার: শামীমা শাহরিয়ার এমপি

 

এ বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে আব্দুল হক জানান।

 

এ প্রসঙ্গে এসএমপি’র জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমেদ জানান, ঘটনাটি কোতোয়ালি থানা এলাকায় ঘটেছে। তবে ভিকটিম জালালাবাদ থানার কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ করলে আমাদের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে, এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া জানান, এখনও এরকম কোনো অভিযোগ আমরা পাইনি। তবু বিষয়টা যেহেতু জানলাম, খোঁজ নিয়ে দেখতেছি।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ