তফসিল ঘোষণার একমাস আগেও ভোটার হওয়া যাবে

প্রকাশিত: 11:03 PM, July 17, 2025

তফসিল ঘোষণার একমাস আগেও ভোটার হওয়া যাবে

প্রভাতবেলা প্রতিবেদক : জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার একমাস আগে ভোটার হওয়ার বিধান রেখে ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সংশোধিত অধ্যাদেশের ব্যাখ্যায় তিনি বলেন, এতোদিন নাগরিকরা কোনো বছরের ডিসেম্বরের মধ্যে যাদের বয়স ১৮ পূর্ণ হয়, পরবর্তী বছর জানুয়ারিতে এসে হালনাগাদ তালিকায় আসতে পারতেন। প্রতিবছর জানুয়ারির ২ তারিখে নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশ করে। মার্চ মাসের ২ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করে। তালিকা প্রকাশ এবং পরবর্তীতে জাতীয় নির্বাচন আয়োজনের মাঝামাঝি সময়ে যারা ভোটার হওয়ার বয়সে উপনীত হন, তারা আর ভোট দিতে পারেন না। পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হয়।

আরও পড়ুন  রাজশাহীতে আদিবাসী পরিষদের মানববন্ধন

ফয়েজ বলেন, এখন সংশোধনে যেটা করা হয়েছে তা হলো- নির্বাচন কমিশন মনে করে যেহেতু তফসিল ঘোষণার আগেই একটা চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয়, তাই যৌক্তিক সময়ের মধ্যে যারা ভোটার হওয়ার উপযুক্ত হন- তারা যেন ভোটার হতে পারেন। তফসিল ঘোষণার অন্তত একমাস আগে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা এখন ভোটার হতে পারবেন।

সর্বশেষ সংবাদ