দুর্বৃত্তের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রকাশিত: 1:14 PM, October 25, 2023

দুর্বৃত্তের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে রানা মোল্লা (৩৫) নামে সাবেক এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। এ সময় তুষার নামে তার এক সহযোগী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী শহরের কাউরিয়াপাড়া মহল্লার পৌর ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। রানা নরসিংদী শহর শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।

জানা গেছে, কাউরিয়াপাড়া মহল্লার আলী আকবরের ছেলে রানা মোল্লার সঙ্গে একই এলাকার ওমর আলীর ছেলে আল আমিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে ৮-১০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল রানাকে ঘিরে ফেলে। এ সময় তারা রানাকে এলোপাতাড়ি গুলি করে। এরপর চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

 

গুলিবিদ্ধ তুষার একই এলাকার মো. নজরুল ইসলাম ভূইয়ার ছেলে। তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান, তার অবস্থাও আশংকাজনক।

আরও পড়ুন  গাজীপুরে পানিতে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

 

এলাকাবাসী জানিয়েছে, আল আমিন ও রানা মোল্লা এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। দুজনের বিরুদ্ধেই মাদক, খুনসহ একাধিক মামলা রয়েছে। এর আগেও মাদক কারবার নিয়ে বিভিন্ন সময় তাদের সংঘর্ষ হয়েছিল।

 

স্থানীয় রাজনীতিতে রানা মোল্লা নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুপন্থি এবং আল আমিন সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের অনুসারী হিসেবে পরিচিত।

 

নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পাওয়ার পেলে মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ