সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৩
বিশ্বভূবন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লাসভেগাসে নেভাদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হামলাকারী। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
উত্তর আমেরিকার এই দেশটির ইউনিভার্সিটি অব নেভাদার প্রধান ক্যাম্পাসে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের প্রধান ক্যাম্পাসে এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পরে হামলাকারী নিজেও নিহত হয়।
লাস ভেগাস পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়ায় লিখিত এক বিবৃতিতে বলেছে, বন্দুকধারী ছাড়াও তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।
রয়টার্স বলছে, কর্তৃপক্ষ নিহতদের পরিচয় জানাতে পারেনি। এছাড়া সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত নাকি নিজেই আত্মহত্যা করেছেন তাও স্পষ্ট নয়।
ভিনসেন্ট পেরেজ স্কুলের একজন অধ্যাপক ফোনে এমএসএনবিসিকে বলেছেন, ক্যাম্পাসে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আগে তিনি প্রচুর গুলির শব্দ শুনেছেন।
তার ভাষায়, ‘আমরা একের পর এক সাত থেকে আটটি জোরালো শব্দ শুনতে পাই। সেটা শোনার সাথে সাথেই আমরা ভেতরে আশ্রয় নিই এবং বুঝতে পারি, এটি আসলে গোলাগুলির শব্দ এবং ক্যাম্পাসে একজন সক্রিয় বন্দুকধারী রয়েছে।’
ইউনিভার্সিটি পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া ব্রিফিংয়ে বলেছেন, ক্যাম্পাসে একজন সক্রিয় শুটারের বিষয়ে জানার পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা ‘তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায় এবং সন্দেহভাজনের মুখোমুখি হয়’। সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হয়েছে বলেও জানান তিনি।
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেছেন, মানুষের জন্য এখন আর কোনও হুমকি নেই। তবে ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের প্রধান ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শাখাগুলো ‘অনেক সতর্কতার কারণে’ একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি