জকিগঞ্জে রাস্তার মাটি কেটে দখলের অপচেষ্টা

প্রকাশিত: 10:16 PM, July 12, 2016

জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মুহিদপুর গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত মুরাদখালের দু’পাশের সরকারি রাস্তা মাটি কেটে অপদখলের প্রতিবাদে গতকাল সোমবার সিলেটের জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। মুহিদপুর এলাকাবাসীর পক্ষে আবু সালমানসহ প্রায় শতাধিক জনসাধারণের স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়েছে মুহিদপুর গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত মুরাদখালের দু’পাশের সরকারি রাস্তা গ্রামের প্রভাবশালী মৃত কুতুব আলীর পুত্র হেলাল উদ্দিন গংরা বিগত কয়েক বছর যাবত রাস্তার মাটি কেটে তাদের বাড়িতে ভরাট কাজে ব্যবহার করায় দুটি রাস্তাই ধ্বংসের দ্বারপ্রান্তে। এ ব্যাপারে বারহাল ইউনিয়নের ভূমি কর্মকর্তা রাস্তা নষ্টকারীদেরকে নোটিশ প্রদান করলেও কোনো প্রতিকার হচ্ছে না। বরং প্রতিবাদকারীদেরকে হুমকি-ধমকি দেয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

উল্লেখ্য, দেশ বিভাগের পর থেকে অত্র এলাকাসহ স্থানীয় কানাইঘাট উপজেলার হাজার হাজার মানুষ এই মুরাদখালের উভয় পাশের রাস্তা ব্যবহার করে আসছেন। উভয় রাস্তা সংস্কারের জন্য প্রতিবছরই সরকার লাখ লাখ টাকা বরাদ্দ দিয়ে থাকেন। এই রাস্তা দিয়ে স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ স্থানীয় বাজারগুলোতে লোকজন যাতায়াত ছাড়াও কৃষি মৌসমে কৃষকদের চলাচলের একমাত্র রাস্তা এটিই। মুরাদখালের উভয় রাস্তা রক্ষার লক্ষ্যে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন  'সিলেট বইমেলা' শুরু আজ

বার্তা প্রেরক,জেড এম শামসুল

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ