সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭
প্রভাতাবেলা প্রতিবেদক: চুরি হয়েছে ঠিক। কিন্তু তিনটি গাড়ী নয়। পরিত্যক্ত গাড়ীর অংশবিশেষ। বিআরটিএ কর্মকর্তাসহ সরকারের উচ্চ পর্যায়ের কমিটি এগুলোকে পরিত্যক্ত ঘোষণা করেছে ২০০৯ সালে।গণমাধ্যমে সিলেট সিটি করপোরেশনের ‘তিনটি গাড়ি’ উধাও হওয়ার খবর প্রসংগে এমন বক্তব্য সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর।
শনিবার সকালে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র বলেন, সিলেট সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে দীর্ঘদিন থেকে তিনটি গাড়ির অংশবিশেষ পরিত্যক্ত অবস্থায় ছিল। সিসিকের নুতন গাড়ির জন্য জায়গা খালি করে দিতে আবর্জনার সাথে গাড়ির অংশ বিশেষ ডাম্পিং স্টেশনে নিয়ে যায় পরিচ্ছন্নতা কর্মীরা। এ সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি মেয়রের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে তিনি গাড়ির অংশ বিশেষ কিভাবে ডাম্পিং স্টেশনে গেল সে বিষয়টি তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই সাথে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তদের থানায় সাধারণ ডায়েরী করারও নির্দেশ দেন।
গাড়িগুলোর কিছু দৃশ্যমান অংশবিশেষ ছাড়া আর কোন অস্থিত্ব নেই উল্লেখ করে মেয়র বলেন, এ গাড়িগুলো দীর্ঘ দিন থেকে বিকল ও ব্যবহার অনুপযোগী হয়ে আবর্জনাস্তুপকে বড় করছিল। পরিবহন শাখার কর্মকর্তা-কর্মচারীরা গাড়িগুলোর অংশবিশেষ নির্ধারিত স্থানে তাদের দায়িত্বে না রাখায় পরিচ্ছন্নতা শাখার লোকজন আবর্জনা মনে করে ডাম্পিং স্টেশনে ফেলে আসেন। যা পরবর্তিতে ডাম্পিং স্টেশনে রক্ষিত রাখা হয়।
তিনি বলেন, নগরীর ফুটপাত অবৈধ দখলদারমুক্ত রাখতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। একই সাথে নগরীর রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ সমস্যার সমাধানসহ নগরবাসীর সার্বিক নিরাপত্তা দিতে কাজ করছেন। মাঝে মধ্যে এসব কাজ করতে গিয়ে বিভিন্নভাবে নানামুখী সমস্যার সম্মুখিন হতে হচ্ছে তাকে। যা সাংবাদিকসহ নগরবাসী অবগত আছেন। বিগত সময়ে রাস্তা সম্প্রসারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ জনগণের নির্বিঘেœ চলাচল নিশ্চিত করতে ইতিমধ্যে নগরীর ফুটপাত অবৈধ দখলদার মুক্ত করা হয়েছে। এক্ষেত্রে আদালতে একটি মামলা চলমান রয়েছে। এসব কাজ করতে গিয়ে প্রভাবশালীসহ কিছু ব্যক্তির গাত্রদাহ হওয়ার কারণে বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিনের অকেজো তিনটি গাড়ির অংশবিশেষ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হচ্ছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, এ ব্যাপারে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মেয়র আরিফ।
প্রেস ব্রিফিংয়ে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, সিটি কাউন্সিলল সৈয়দ তৌফিকুল হাদী, রাজিক মিয়া, এসএম আবজাদ হোসেন, সিকন্দর আলী, শান্তনু দত্ত সন্তু, আব্দুল মুহিত জাবেদ, এবিএম জিল্লুর রহমান, দিনার খান হাসু, আব্দুর রকিব তুহিন, সৈয়দ মিসবাহ উদ্দিন, সুহেল আহমদ রিপন, মহিলা কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সালেহা কবির শেপিসহ সিটি করপোরেশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি