ওসমানীতে ৩ কেজি সোনাসহ যাত্রী আটক

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯

ওসমানীতে ৩ কেজি সোনাসহ যাত্রী আটক

প্রভাতবেলা প্রতিবেদক, সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবার তিন কেজি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আবির হোসেন নামে ওই যাত্রীকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে আটক করা হয়।

আটক আবির হোসেন নোয়াখালীর হাতিয়ার আব্দুল আজিজের ছেলে। ওমানের মাসকাট থেকে সিলেট হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার নামার কথা ছিল।

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানের ভেতর আবির হোসেনের হাতব্যাগ তল্লাশি করা হয়। সেখান থেকে ২৫টি স্বর্ণের বার ও একশ’ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। বারগুলোর ওজন ২ কেজি ৯০০ গ্রাম। আটক ব্যক্তিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে ওসমানী বিমানবন্দর থেকে দুই কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছিল কাস্টমস বিভাগ।

সর্বশেষ সংবাদ