সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
রোহিঙ্গাদের সহায়তায় বর্তমান সহযোগিতার পাশাপাশি অতিরিক্ত আরও ১০ লাখ ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইতালি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রতিশ্রুতি দেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে। একই সঙ্গে তারা ঢাকা ও রোমের পারস্পারিক সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছেন।
দেশটির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজ্জো চিগিতে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘উভয় প্রধানমন্ত্রী দুদেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।’
তিনি বলেন, প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা দুদেশের মধ্যকার বর্তমান আর্থ-সামাজিক অবস্থানে সন্তোষ প্রকাশ করেন।
ইতালির প্রধানমন্ত্রী এই বৈঠককে ‘ফলপ্রসূ’ হিসেবে উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে ইতালির সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো।
তিনি ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। প্রেস সচিব ইহসানুল করিম তার বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া আপনার ‘সুপার হিউম্যান’ উদ্যোগ প্রশংসনীয়।’
জিউসেপ কোঁতে বলেন, রোহিঙ্গাদের জন্য বর্তমান সহায়তার পাশাপাশি তার দেশ অতিরিক্ত আরও ১০ লাখ ইউরো দেবে। এই সহায়তা ইউএনএইচসিআর-এর মাধ্যমে দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে নির্দেশনা মেনে চলার জন্য মিয়ানমারকে বাধ্য করতে ইতালিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিকে বাংলাদেশের মহান বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, স্বাধীনতার পর তাৎক্ষণিকভাবে যে কয়েকটি ইউরোপীয় দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় তার মধ্যে ইতালি অন্যতম। এই সফরের পর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি