যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: 9:23 PM, February 6, 2020

যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

 

মাঠে ময়দানে প্রতিবেদক:

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে দলকে ফাইনালে নিয়ে গেলেন মাহমুদুল হাসান জয়। তার সেঞ্চুরিতে সহজ জয়ের দেখা পেল বাংলাদেশ। এ ম্যাচ জিতে ইতিহাসে প্রথমবার কোনো বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ।

 

কিউইদের দেওয়া ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শুরুটা অবশ্য ভালো হয়নি। ওপেনিং জুটিতে ২৩ রান তুলে সাজঘরে ফেরেন তানজিদ হাসান। ষষ্ঠ ওভারে আউট হওয়ার আগে তিনি করেন ৩ রান। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। দলীয় ৩২ রানে ফিরে যান তিনি। পারভেজ করেন ১৪ রান।

 

তবে শুরু ধাক্কা সামলে নেন মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়। তৃতীয় উইকেটে এ দুইজন গড়ে তোলেন ৬৮ রানের জুটি। হৃদয় ৪০ রান করে আউট হন। হৃদয় আউট হলেও সেঞ্চুরি তুলে নেন জয়। শাহাদাত হোসেনের সঙ্গে চতুর্থ উইকেটে গড়ে তোলেন ১০০ রানের জুটি। তবে সেঞ্চুরি হাঁকিয়েই আউট হন জয়। ১২৬ বলে ১৩ চারে এ ইনিংস সাজান তিনি। তবে শাহাদাত হোসেন অপরাজিত ৪০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ।

আরও পড়ুন  করোনাভাইরাস: মৃত্যু ১৩, শনাক্ত ৪৩৮

 

এর আগে, টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান জুনিয়র টাইগারদের অধিনায়ক আকবর আলী। ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে কিউইরা। শুরুতেই নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানে বাংলাদেশ। দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে টাইগার যুবারা। শামিমের বলে প্রথমে আউট হন ওপেনার মারিউ। ১ রান করে ড্রেসিংরুমে ফিরে যান তিনি।

 

এরপর উইকেট তুলে নেন বিশ্বকাপে বাংলাদেশের আলোচিত তারকা রকিবুল হাসান। বাঁহাতি স্পিনারের বল খেলতেই পারছিল না কিউইরা। টানা ২০টি ডট বল দেন তিনি। এর মধ্যে ১৬তম বলে ওপেনার হোয়াইটকে প্যাভিলিয়নে ফেরান ১৭ বছর বয়সী এ তারকা। এতে ৩১ রানে দুই ওপেনার বিদায় নেন।

 

তৃতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়ে নিউজিল্যান্ড। শামিমের আঘাতে ওয়ানডাউনে নামা লেলম্যান আউট ২৪ রানে। পঞ্চম উইকেট জুটিকে ৭৩ রান করে নিউজিল্যান্ড। অর্ধশতকের মুখে থাকা লিডস্টোনকে সাজঘরে ফিরিয়ে স্বস্তি ফিরে টাইগার শিবিরে। ৪৪ রানে শরিফুল ইসলামের এলবির ফাঁদে পড়েন তিনি। স্কোর বোর্ডে ১ রান যুক্ত করতেই হাসান মুরাদের বলে সরাসরি বোল্ড হন কুইন সানডে (১)।

আরও পড়ুন  'লকডাউন' হচ্ছে দেশের ৫০ জেলা

 

১৪২ রানেই ৬ উইকেট হারিয়ে বসা নিউজিল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি। বেকহ্যাম হুয়েলার একপাশ আগলে রাখলেও দ্রুত আরও ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। টাইগার যুবাদের কিপটে বোলিংয়ে কিউইরা ৫০ ওভারে ৮ উইকেটে ২১১ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। বেকহ্যাম হুয়েলার ৭৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

 

ম্যাচে বাংলাদেশের সেরা বোলার পেসার শরিফুল ইসলাম। ১০ ওভার বোলিং করে ৪৫ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। এছাড়া শামিম হোসেন ও হাসান মুরাদ নেন ২টি করে উইকেট। কোয়ার্টার ফাইনালের নায়ক রকিবুল হাসানের ঝুলিতে যায় ১ উইকেট।

 

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। অপরদিকে, গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে হেরেছিল কিউইরা। কোয়ার্টার ফাইনালে উইন্ডিজদের হারিয়ে নিউজিল্যান্ড ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। যুব টাইগারদের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। ৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল। ফাইনাল মঞ্চে ভারতের বিপক্ষে জিতলেই ইতিহাসের হাতছানি ।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ