পাপিয়া ও পিরোজপুরের আদালতকাণ্ডে সরকার বিব্রত নয়

প্রকাশিত: 3:34 PM, March 5, 2020

পাপিয়া ও পিরোজপুরের আদালতকাণ্ডে সরকার বিব্রত নয়

 

প্রভাতবেলা ডেস্ক:

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া এবং পিরোজপুরের জেলা দায়রা জজকে বদলির ঘটনায় সরকার বিব্রত নয় বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। এর আগে মুজিববর্ষ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, দেশের বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন। বিচারক বদলির বিষয়টিও পুরোপুরি বিচার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের বিষয়। সেখানে কোনো ভুল বোঝাবুঝি হলে তারাই সমাধান করবেন। এ সরকার আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী। এ বিষয়ে দলীয়ভাবে মন্তব্য করব না। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। পর্যবেক্ষণে কোনো বিচ্যুতি দেখলে দল ব্যবস্থা গ্রহণ করবে।

 

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ইস্যু খুঁজছে। এ ব্যাপারে আমাদের করার কিছুই নেই। এটা পুরোপুরি আইন ও বিচার বিভাগের বিষয়।

আরও পড়ুন  ছাতকে মিটার চুরির ঘটনা ধামাচাপা দিতে তৎপর নির্বাহী প্রকৌশলী

 

রিমান্ডে থাকা শামীমা নূর পাপিয়ার অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম আসার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা বিব্রত হই না, আমরা ব্যবস্থা নিই। অপরাধীরা নজরদারিতে আছে। অপরাধী যেই হোক, শেখ হাসিনা কাউকে ছাড় দেন না। আমাদের নেত্রী এ ব্যাপারে কঠোর অবস্থানে আছেন।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতাকে হত্যার মাস্টারমাইন্ড হিসেবে পঁচাত্তরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন, এখন তার দল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনের বিরোধিতা করছে। তারা বিরোধিতার জন্য বিরোধিতা করছে। তারা বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড, অতীতেও অপচেষ্টা চালিয়েছে। কিন্তু শত চেষ্টা করেও বঙ্গবন্ধুর ঔজ্জ্বল্য ঢেকে দিতে পারেনি।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মন্নাফি প্রমুখ।

আরও পড়ুন  ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ