নগরীকে সুন্দর রাখার দায়িত্ব নগরবাসীর। প্রভাতবেলা প্রতিবেদক।
এসএমপি কমিশনার নিশারুল আরিফ বলেছেন, পুলিশের একার পক্ষে সব কাজ করা সম্ভব না। সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে মিডিয়ার সহযোগিতা বেশী প্রয়োজন।নগরীর ফুটপাতকে জন চলাচলের উপযোগী করে তুলতে পুলিশ কাজ করছে। সিটি করপোরেশন কাজ করছে। তিনি বলেন, সিলেট নগরী আপনাদের,নগরীকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের। পুলিশের একার পক্ষে তা সম্ভব নয়।
নিশারুল আরিফ সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন।রোববার (২৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১ টায় এসএমপির কনফারেন্স হলে এ মতবিনিময় সভা শুরু হয়ে বেলা পৌনে ৩টায় মধ্যাহ্ন ভোজের মাধ্যমে শেষ হয়।
এসএমপি কমিশনার হিসেবে নিশারুল আরিফের যোগদান উপলক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা। নিশারুল আরিফ ২৭ অক্টোবর এসএমপি’র কমিশনার হিসেবে গোলাম কিবরিয়ার স্থলাভিষিক্ত হন। বন্দর ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান হত্যা পরবর্তী উদ্ভুত পরিস্থিতিতে এসএমপি কমিশনারকে বদলি করা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা সিলেটের আইনশৃংখলা পরিস্থিতি, হকার ও ফুটপাত সমস্যা, কিশোর গ্যাং অপরাধী, প্রভাতবেলার নিরাপত্তাহীনতা, পুলিশ সাংবাদিক সৌহার্দের অবনতি, পাসপোর্ট করতে তদন্ত বাণিজ্য, প্রবাসীদের সম্পদের নিরাপত্তা ইত্যাদি নানা অসঙ্গতি ও আইনশৃংখলা বাহিনীর ভূমিকা নিয়ে কথা বলেন।
মতবিনিময়ে অংশ নেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আ. র.ম রেনু, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও ইকবাল মাহমুদ, প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, ভোরের কাগজ প্রতিনিধি ফারুক আহমদ, সংগ্রামের ব্যুরো চীফ কবির আহমদ প্রমূখ।
সাংবাদিকদের বক্তব্যের জবাবে নিশারুল আরিফ বলেন, সবই তার জ্ঞাতে আছে। পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করবেন। আইনশৃংখলা বাহিনীর সীমাবদ্ধতা ও বিভিন্ন শ্রেণীর স্ট্যাক হোল্ডারদের প্রতিবন্ধকতা তুলে ধরেন কমিশনার। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।