সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, মে ৫, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
নগরীর মালনীছড়া চা বাগান এলাকা থেকে হেরোইন ও একটি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার জাকিরুল আলম জাকির (৪১) মহানগর যুবলীগের কোন কর্মী নয় বলে জানিয়েছেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার।
মঙ্গলবার (৪ মে) সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার এক বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনে সরাসরি নেতাকর্মীদের ভোটের মাধ্যমে ২০১৯ সালের ২৭ জুলাই আমাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি গঠন করেন, এখন পর্যন্ত কোন পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলে র্যাবের হাতে আটক হওয়া জাকিরুল আলম জাকিরকে সিলেট মহানগর যুবলীগের কর্মী হিসেবে মনে করছেন এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রচার করা হচ্ছে। মূলত জাকিরুল আলম জাকির সিলেট মহানগর যুবলীগের কেউ নয় এবং নিষেধাজ্ঞার কারনে বিগত দুই বছর যাবত তাকে সিলেট মহানগর যুবলীগের কোন রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এ ধরনের সংবাদ প্রচারে বিরত থাকার জন্য সাংবাদিকবৃন্দের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বিবৃতিতে আরও বলেন, সিলেট মহানগর যুবলীগে কোন সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদকাসক্তের স্থান নেই। সিলেট মহানগর যুবলীগ একটি সুশৃংখল ও শক্তিশালী ইউনিট। এখন পর্যন্ত সংগঠনের কোন দুর্নাম নেই, যা সিলেটের সুশীল সমাজ, সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অবগত রয়েছেন। সিলেট মহানগর যুবলীগকে জড়িয়ে বিভ্রান্ত মুলক সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানান তারা।
মোগলাবাজার থানার কুচাই এলাকার সাজ্জাদ আলীর ছেলে জাকিরুল আলম জাকির (৪১) সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।
এছাড়া তিনি কুচাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। তবে সেই নির্বাচনে তিনি দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামের কাছে হেরে যান।
এর আগে ২০১৯ সালের আগস্টে হত্যাচেষ্টা একটি মামলায় গ্রেপ্তার হন জাকির। এরপর ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেটের রিকাবীবাজারের কাঁচা বাজারে ‘জনজীবনকে বিপর্যস্ত অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রকারীদের মিথ্যাচার অপপ্রচার গুজব বিভ্রান্তি আতংকের বিরুদ্ধে গনসচেতনতা’ সৃষ্টির লক্ষে সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবক লীগ আয়োজিত জনসভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ সভাপতি আসাদ উদ্দিন আহমেদ জাকিরুল আলম জাকিরের মুক্তি দাবি করেছিলেন।
এদিকে জাকিরের ফেসবুক আইডি ঘেটে দেখা গেছে তিনি নিজেকে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর শাখার আহ্বায়ক’ উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, রোববার (২ মে) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নগরীর মালনীছড়া চা বাগান এলাকা থেকে হেরোইন ও একটি বিদেশি রিভলবারসহ জাকিরকে আটক করে র্যাব-৯। এসময় আটক ব্যক্তির কাছ থেকে ১০ গ্রাম হেরোইন, একটি বিদেশি রিভলবার ও দুইটি গুলি উদ্ধার করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি