সিলেট | |
প্রকাশিত: 9:43 PM, March 25, 2026
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ঐতিহ্যবাহী পাইকারি ব্যবসা কেন্দ্র মহাজনপট্টিতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। হামলায় প্রতিষ্ঠানের অন্যতম স্বত্বাধিকারী আব্দুস সালাম খান মাসুম আহত হয়েছেন। এ ঘটনায় পুরো মহাজনপট্টিতে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
‘ছালেহ আহমদ খান এন্ড সন্স’ এর কর্মচারী মোঃ সাহেদ জানান, মহাজনপট্টির সুপরিচিত পাইকারি প্রতিষ্ঠান ‘ছালেহ আহমদ খান এন্ড সন্স’ থেকে দীর্ঘদিন ধরে মালামাল কিনতেন শিবগঞ্জ এলাকার সরকার এন্টারপ্রাইজ-এর মালিক সনজিত সরকার। কয়েক বছর ধরে তাদের মধ্যে নিয়মিত ব্যবসায়িক লেনদেন চললেও সম্প্রতি পাওনা টাকা পরিশোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন, প্রায় ১১ লাখ টাকা বকেয়া থাকার পরও সনজিত সরকার টাকা পরিশোধ না করে অন্য প্রতিষ্ঠান থেকে মালামাল সংগ্রহ শুরু করেন। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে পাওনা টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির একটি ঘটনা ঘটে। এরপর থেকে ব্যবসা প্রতিষ্ঠানটিকে কেন্দ্র করে একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের দাবি, পরবর্তীতে প্রতিষ্ঠানের একজন অংশীদার আবুল কালাম খান প্রাণনাশের আশঙ্কায় আত্মগোপনে চলে যান এবং পরে দেশ ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে সনজিত সরকার কয়েকজন সহযোগীকে নিয়ে ‘ছালেহ আহমদ খান এন্ড সন্স’-এ প্রবেশ করেন। শুরুতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হলেও একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় সনজিত সরকারের সঙ্গে থাকা ব্যক্তিরা আব্দুস সালাম খান মাসুমের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করেন। তার চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ী, দোকানের কর্মচারী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আহত আব্দুস সালাম খান মাসুমকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর থেকে মহাজনপট্টির ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। অনেক ব্যবসায়ী প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলেও নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, দিনের বেলায় একটি ব্যস্ত ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের সৃষ্টি করেছে।
এ বিষয়ে সনজিত সরকারের বক্তব্য জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা পাওনা টাকা চাইতে গেলে দোকান মালিক ও তার কর্মচারীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমার একজন কর্মচারী আহত হয়েছে। এ বিষয়ে আমি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মইনুল জাকির জানান, বিষয়টি তারা শুনেছেন। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদশন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ী সনজিত সরকার। মামলা দায়ের সম্পন্ন হলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি