সিলেট | |
প্রকাশিত: 12:20 AM, October 21, 2026
প্রভাতবেলা প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের পর্যটন রাজধানী খ্যাত সিলেট। পাহাড়, নদী, ঝরনা ও বিস্তীর্ণ সবুজ চা-বাগানের টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো পর্যটকের ঢল নেমেছে এখানকার প্রধান পর্যটন কেন্দ্রগুলোতে। অনুকূল আবহাওয়ার কারণে এবার রেকর্ডসংখ্যক পর্যটক সমাগমের আশা করছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। তারা ধারণা করছেন, এই এক ছুটিতে সিলেটের পর্যটন খাতে অন্তত ৫০ কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে যাবে।
হোটেল-মোটেলে বুকিংয়ের ধুম: সিলেট হোটেল-মোটেল ব্যবসায়ীরা জানান ছুটির শুরুতেই এই আবাসন কেন্দ্রগুলোর প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। অনেক নামী-দামি রিসোর্টে কোনো খালি রুম নেই। তারা জানান, গত ২-৩ মাস ধরেই সিলেটে পর্যটকদের যাতায়াত বেশি ছিল, আর পূজার এই টানা ছুটি যেন সেই পালে নতুন হাওয়া দিয়েছে। আগামী কয়েক দিনে শতভাগ রুম বুকড হয়ে যাবে বলে তারা শতভাগ আশাবাদী।
পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়: সিলেটের প্রধান আকর্ষণ ভারতের সীমান্তঘেঁষা সাদা পাথরের স্বর্গরাজ্য ভোলাগঞ্জ ‘সাদা পাথর’। স্বচ্ছ জলধারা আর পাথুরে নদীর সৌন্দর্যে এখানে মেতে উঠেছেন নানা বয়সী মানুষ। এছাড়া খাসিয়া পাহাড়ের কোলঘেঁষা জাফলং, বিছনাকান্দি, মিঠাপানির জলাবন রাতারগুল ও নীল জলের লালাখালে পর্যটকদের পা ফেলার জায়গা নেই। শহরের ভেতরে অবস্থিত মালনীছড়াসহ বিভিন্ন চা-বাগানেও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুধু সিলেট জেলাই নয়, পাশ্ববর্তী মৌলভীবাজার ও হবিগঞ্জের পর্যটন স্পট ও রিসোর্টগুলোতেও একই ধরণের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘ মন্দা কাটিয়ে এই ছুটির মাধ্যমে সিলেটের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে। শুধু হোটেল ব্যবসাই নয়, পরিবহন খাত, রেস্তোরাঁ, নৌকা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও ট্যুর অপারেটরদের আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
এদিকে পর্যটকদের এই বিশাল সমাগমকে নির্বিঘ্ন এবং নিরাপদ করতে জেলা ও পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পর্যটন কেন্দ্রে ট্যুরিস্ট পুলিশ এবং হাইওয়ে পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি কোনো পর্যটক যাতে হয়রানি বা অতিরিক্ত ভাড়ার শিকার না হন, সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।
টানা ছুটির এই আনন্দকে প্রকৃতির মাঝে ভাগ করে নিতে সিলেট এখন পুরোপুরি প্রস্তুত। পর্যটন সংশ্লিষ্টদের মতে, আগামী অন্তত ১০ দিন সিলেটে পর্যটকদের এই আনন্দমুখর ঢল অব্যাহত থাকবে

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি