আড়াই কোটি টাকা নিয়ে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা

প্রকাশিত: 10:07 PM, April 15, 2024

আড়াই কোটি টাকা নিয়ে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা
প্রভাতবেলা ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুর শহরের নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী অতিরিক্ত মুনাফা দেবেন বলে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ব্যাংকের বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমবার পর্যন্ত প্রায় ২ কোটি ৫১ লাখ টাকা ওই ম্যানেজার নিয়ে গেছেন বলে দুই গ্রাহক জানিয়েছেন।

সোমবার দুপুরে ব্যাংকের ওই শাখায় গিয়ে বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির, মডেল থানার তদন্তকারী কর্মকর্তা নজরুল ও গ্রাহকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

নিখোঁজ ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী (৪০) জেলার কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা।

ব্যাংকের নিয়মিত গ্রাহক স্থানীয় ব্যবসায়ী আকবর হোসেন লিটন জানান, ব্যাংকের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী গত ১৪ জানুয়ারি এই শাখায় জয়েন করেন। এরপর তার সঙ্গে পরিচয় ঘটে। ঈদের পূর্বে তিনি আমার থেকে টাকা ধার চান। কয়েকদিনের মধ্যে দিয়ে দেবেন বলে জানান। আমি সরল বিশ্বাসে তাকে ১ কোটি ৭৬ লাখ টাকা দেই। কিন্তু তিনি টাকা নিয়ে ব্যাংক থেকে চলে যান। কিভাবে কী করল তা বুঝে উঠতে পারিনি। এ ঘটনায় আমি ১৩ এপ্রিল চাঁদপুর সদর মডেল থানায় একটি জিডি করেছি।

আরেক গ্রাহক কচুয়া উপজেলার আশ্রাফুর এলাকার দলিল লেখক মারুফ। অধিক মুনাফা দেবেন বলে তার কাছ থেকে ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নেন ৭৫ লাখ টাকা।

আরও পড়ুন  লালমনিরহাটে ট্রাকচাপায় দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু

মারুফের আত্মীয় একই ব্যাংকের গ্রাহক নাছির উদ্দিন খান বলেন, তিনি অধিক মুনাফা দেবেন বলে আমার আত্মীয় মারুফের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেন। টাকা না দেওয়ায় ঈদের পূর্বে তার সঙ্গে দুইবার বৈঠকে বসা হয়েছে। ঈদের পরে টাকা ফেরত দেবেন বললেও তিনি এখন নিখোঁজ।

এদিকে শ্রীকান্ত নন্দী গত ৪ এপ্রিল বিকেল ৩টার পরে ব্যাংক থেকে নিখোঁজ রয়েছেন মর্মে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেছেন বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির। তিনি ওই জিডিতে উল্লেখ করেন শ্রীকান্ত নন্দীর ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

দায়িত্বরত শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, ঈদের পূর্বে শেষ কর্মদিবসে আমাকে এই শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। আজকেই এই শাখায় যোগদান করেছি। শ্রীকান্ত নন্দীর নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাকে অনেক খোঁজখুঁজি করে না পেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি অবগত করা হয়েছে এবং থানায় জিডি করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। আমাদের অভ্যন্তরীণ গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা নেই।

আরও পড়ুন  ১৩ দিনেও উদ্ধার হয়নি বীরগঞ্জের স্কুলছাত্রী সুমি

চাঁদপুর সদর মডেল থানার এসআই নজরুল বলেন, ঈদের পূর্বে ৯ এপ্রিল পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. হুমায়ুন কবির ব্যাংকের শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ রয়েছেন মর্মে থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরির আলোকে আমাকে বিষয়টি তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তদন্ত করে দেখছি। লেনদেনের বিষয়ে কোনো অভিযোগ থাকলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ