আবারো ‘জাতীয় ঐক্যে’র ডাক দিলেন বেগম জিয়া

প্রকাশিত: 1:14 AM, February 4, 2018

প্রভাতবেলা প্রতিবেদক: হিংসা-বিদ্বেষ ভুলে, আগামী নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে আবারো ‘জাতীয় ঐক্যে’র ডাক দিলেন, বিএনপি চেয়ারপার্সন- বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, সংসদ ভেঙ্গে দেয়া, ও সেনা মোতায়েনেরও দাবি জানান তিনি। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সভায়, খালেদা জিয়া এসব বলেন। কোন অপরাধ না থাকলেও, তাকে দুর্নীতির মামলায় বিচার করা হচ্ছে উল্লেখ করে বিএনপি নেত্রী বলেন, নিম্ন আদালত সরকারের কব্জায় থাকায় সঠিক রায় দেওয়ার ক্ষমতা বিচারকদের নেই।

আট ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণাকে সামনে রেখে– শনিবার রাজধানীর একটি হোটেলে, নির্বাহী কমিটির এই সভা করে বিএনপি। গ্রেফতার আতঙ্কের মধ্যেই এতে যোগ দেন, দলটির নির্বাহী কমিটির সদস্য, জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

বেলা এগারোটায় যোগ দেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার সভাপতিত্বে শুরু হয় বৈঠক। শুরুতেই বক্তব্য রাখেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন  সিলেটে সক্রিয় সাইবার প্রতারক চক্র, গ্রেপ্তার ২

এরপর স্বাগত বক্তব্যে হিংসা-বিদ্বেষ ভুলে আবারো ‘জাতীয় ঐক্যে’র ডাক দেন বিএনপি চেয়ারপার্সন। বিএনপির নির্বাচনে যেতে কিছু শর্তজুড়ে দেন তিনি।

তার বক্তব্যে উঠে আসে, রায়ের জন্য অপেক্ষমান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা প্রসঙ্গ। নিজেকে নিরাপরাধী দাবি করে খালেদা জিয়া বলেন, গায়ের জোরে এই রায় দেয়া হচ্ছে।

তার দাবি, বিএনপিকে আগামী নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে। এজন্য প্রশাসনকে অন্যায় কাজ করতে বাধ্য করছে সরকার।

তিনি অভিযোগ করেন, সরকার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের পাশাপাশি, পাঁচার ও দুর্নীতির মাধ্যমে, দেশের অর্থনীতিও ধ্বংস করেছে। প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাসসহ সরকারের নানা কর্মকান্ডের সমালোচনাও করেন বিএনপি নেত্রী। এদের হাত থেকে দেশকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

কোন ষড়যন্ত্রে পা না দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে– খালেদা জিয়া বলেন, যারা দলের জন্য ভুমিকা রাখবেন ভবিষ্যতে তাদের মুল্যায়ন করা হবে। আর যারা বেঈমানী করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন, সাবেক চারদলীয় জোট সরকারের এই প্রধানমন্ত্রী।

সর্বশেষ সংবাদ