মাঠে ময়দানে ডেস্ক♦ আলিম দার এখন অনন্য কীর্তির কর্ণধার। সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ পরিচালনার রেকর্ডটা আলিম দারেরই ছিল। এবার ওয়ানডে রেকর্ডটাও নিজের করে নিয়েছেন। আজ রোববার (১ নভেম্বর) জিম্বাবুয়ে ও পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ পরিচালনা করতে নেমে এই কীর্তি গড়েন তিনি।
আলিম দার ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকান রুডি কোয়ের্টজেনকে। ২০৯টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছিলেন প্রোটিয়া আম্পায়ার।
গত শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই কোয়ের্টজেনকে ছুঁয়েছিলেন আলিম দার। আর দ্বিতীয় ওয়ানডেতে তাঁকে ছাড়িয়ে গেলেন।
এখন পর্যন্ত ১৩২টি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন আলিম দার। আর সব সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন তিনি। সবমিলিয়ে ৩৮৮ ম্যাচ পরিচালনা করেন। যাতে টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে ৪৬টি।
